মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্তির উদ্যোগ আইনে রূপ দিতে সিনেটে ১০ বিলের প্যাকেজ রিপাবলিকানদের

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার উদ্যোগ এগিয়ে নিচ্ছেন সিনেট রিপাবলিকানরা। বিভাগটির মূল কর্মসূচিগুলো স্থায়ীভাবে অন্য ফেডারেল বিভাগে সরিয়ে দিতে ১০টি বিলের একটি প্যাকেজ আনা হয়েছে।
ইন্ডিয়ানার রিপাবলিকান সিনেটর জিম ব্যাংকস বুধবার ‘লেস ব্যুরোক্রেসি, বেটার এডুকেশন’ প্যাকেজের সিনেট সংস্করণ উত্থাপন করেন। এর লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনের নির্বাহী পদক্ষেপগুলোকে আইনে রূপ দেওয়া, যেগুলো দিয়ে বিভাগটি গুটিয়ে আনার কাজ শুরু হয়েছে।
সিনেটের এই উদ্যোগে সহ-পৃষ্ঠপোষক হিসেবে আছেন অ্যালাবামার সিনেটর টমি টিউবারভিল ও ফ্লোরিডার সিনেটর অ্যাশলি মুডি।
ব্যাংকস বলেন, ফেডারেল শিক্ষা আমলাতন্ত্র কয়েক দশক ধরে শিক্ষার্থী ও পরিবারগুলোকে ব্যর্থ করেছে। ট্রাম্প ও ম্যাকমাহন অভিভাবকদের প্রাধান্য দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই বিলগুলো তাদের সংস্কার স্থায়ী করবে, ওয়াশিংটনের আমলাতন্ত্রের স্তর কমাবে এবং করদাতাদের আর একটি ব্যর্থ বিভাগ টিকিয়ে রাখতে বাধ্য করা হবে না।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারজুড়ে ট্রাম্প শিক্ষা বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে ২০২৫ সালের মার্চে তিনি একটি নির্বাহী আদেশে সই করে ম্যাকমাহনকে ৪৫ বছর বয়সী এই সংস্থাটি ভেঙে দেওয়ার কাজ শুরু করতে নির্দেশ দেন।
তবে মন্ত্রিসভা-পর্যায়ের কোনো বিভাগ পুরোপুরি বিলুপ্ত করতে কংগ্রেসের অনুমোদন লাগে এবং সিনেটে ফিলিবাস্টার এড়াতে ৬০ ভোট প্রয়োজন। রিপাবলিকানরা তাই ধাপে ধাপে প্রশাসনের পুনর্গঠন আইনে আটকে দেওয়ার পথে এগোচ্ছেন।
ম্যাকমাহন বলেন, বিভাগটি মূলত ফেডারেল অর্থ পাঠানোর একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং এর দৈনন্দিন কার্যক্রম অপরিহার্য নয়। ছয়টি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব ঘোষণার এক বছর পূর্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এই আইন প্রশাসনের ঐতিহাসিক সংস্কার স্থায়ীভাবে বিধিবদ্ধ করবে।
সিনেটে বিল আসার আগে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে পাঁচটি ফেডারেল বিভাগের সঙ্গে ১০টি আন্তঃসংস্থা চুক্তি হয়েছে। বিভাগগুলো হলো শ্রম, ট্রেজারি, স্বাস্থ্য ও মানবসেবা, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র।
এর একটি উদাহরণে, শ্রম বিভাগ প্রাপ্তবয়স্ক শিক্ষা, পারিবারিক সাক্ষরতা এবং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা কর্মসূচির দৈনন্দিন পরিচালনায় বড় ভূমিকা নিয়েছে। শ্রম বিভাগ পরিচালনার দায়িত্ব সামলালেও বিধিবদ্ধ তদারকি শিক্ষা বিভাগের কাছেই রয়েছে।
আরেকটি বড় পদক্ষেপে ট্রেজারি বিভাগের সঙ্গে অংশীদারত্বে ফেডারেল ছাত্রঋণের পোর্টফোলিও পরিচালনা ও খেলাপি ছাত্রঋণ আদায়ের পরিচালনাগত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, এসব অংশীদারত্বের লক্ষ্য কংগ্রেসের কাছে প্রমাণ করা যে অপরিহার্য ফেডারেল শিক্ষা কার্যক্রম ও অর্থপ্রবাহ কোনো বিঘ্ন ছাড়াই নির্বাহী শাখার বিভিন্ন সংস্থায় পুনর্বণ্টন করা যায়।
হাউস এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স কমিটি এরই মধ্যে গত জুলাইয়ে দলীয় লাইনে এই ১০ বিলের প্যাকেজের হাউস সংস্করণ এগিয়ে নিয়েছে। কমিটির চেয়ারম্যান মিশিগানের রিপাবলিকান টিম ওয়ালবার্গ বলেছেন, প্রতিটি শিক্ষার্থী তার জন্য কার্যকর শিক্ষা পাওয়ার যোগ্য, অথচ বর্তমান ব্যবস্থা শিশুদের ব্যর্থ করছে।
ইউটার সিনেটর মাইক লি বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে স্থানীয় সম্প্রদায়কে পাশ কাটিয়েছে; এই আইন বিভাগটির অবশিষ্ট কার্যকর কাজগুলো অন্য উপযুক্ত ফেডারেল সংস্থায় ফিরিয়ে দেবে। টিউবারভিল বলেন, তিনি ব্যাংকসের সঙ্গে বিলটি উত্থাপন করে গর্বিত।
শিক্ষা বিভাগ এ বছরের শুরুতে জানিয়েছে, নিজের পরিধি কমানোর অংশ হিসেবে তারা ছোট একটি ভবনে সরে গেছে। লিন্ডন বি. জনসন সদর দপ্তর ভবন থেকে বিভাগের কর্মীরা সরে যাবেন, যাতে আগস্টের মধ্যে জ্বালানি বিভাগ সেখানে উঠতে পারে।




