সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর নজরদারির অভিযোগে ক্যালিফোর্নিয়ায় রুশ নাগরিক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিলিকন ভ্যালির একটি প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর নজরদারি চালাচ্ছিলেন; ওই প্রতিষ্ঠানটি ইউক্রেনকে সহায়তা দিয়েছিল। বুধবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইগর ডিউ। তাঁর বিরুদ্ধে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্র, মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করা, পিছু নেওয়া (স্টকিং) ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি বিভাগের সহকারী পরিচালক রোমান রোঝাভস্কি এক বিবৃতিতে বলেছেন, ‘ইগর ডিউকে রুশ সরকার নিয়োগ দিয়েছিল, নির্দেশনা দিয়েছিল এবং অর্থ দিয়েছিল, যাতে তিনি যুক্তরাষ্ট্রের একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের পিছু নেন।’
রোঝাভস্কি বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ডিউ শারীরিক নজরদারি, ইলেকট্রনিক ট্র্যাকিং যন্ত্র ও ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন।
মার্কিন অ্যাটর্নি ক্রেইগ মিসাকিয়ান বলেছেন, প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার কারণে। তিনি বলেন, ‘বিদেশি সরকার হোক বা অন্য কেউ, সিলিকন ভ্যালিকে বিদেশি গোয়েন্দা কার্যক্রমের ঘাঁটিতে পরিণত করার কোনো চেষ্টাই আমরা সহ্য করব না।’
অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করা হয়নি। তবে এটিকে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যালয় থাকা একটি বড়, প্রকাশ্যে তালিকাভুক্ত প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কার্যালয় ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতেও রয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ডিউ ২০২৬ সালের জুনে তুরস্ক থেকে মেক্সিকোতে যান এবং এরপর তাঁকে পাচার করে যুক্তরাষ্ট্রে ঢোকানো হয়। সেখানে তিনি টেলিগ্রামের মাধ্যমে রাশিয়ায় থাকা তাঁর সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, সহযোগীরা তাঁকে প্রতিষ্ঠানটির কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং পালো আল্টো কার্যালয়ের কাছের একটি কফি শপে গিয়ে কর্মীরা কাজ করার সময় তাঁদের ল্যাপটপের পর্দার ছবি তুলতে নির্দেশ দিয়েছিলেন।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অক্টোবরে ইস্ট পালো আল্টোতে ডিউয়ের বাড়িতে অভিযান চালিয়ে এফবিআই এজেন্টরা নগদ ১৮ হাজার ডলার (প্রায় সাড়ে ১৫ হাজার ইউরো), ‘হুগো ল্যান্ড্রি জনস’ নামে একটি ভুয়া মার্কিন পাসপোর্ট এবং দুটি রুশ পাসপোর্ট পেয়েছেন।
দোষী সাব্যস্ত হলে মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানিয়ে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে ডিউয়ের সর্বোচ্চ ১০ বছর, ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ বছর, পিছু নেওয়ার অভিযোগে পাঁচ বছর এবং প্রতারণার অভিযোগে এক বছর কারাদণ্ড হতে পারে।
আগামী ২৪ নভেম্বর তাঁকে ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।




