হাইতির প্রেসিডেন্ট ময়িজ হত্যা: ফ্লোরিডার পাস্টর সানন দোষী সাব্যস্ত, হতে পারে যাবজ্জীবন

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক পাস্টরকে দোষী সাব্যস্ত করেছেন মিয়ামির একটি ফেডারেল আদালত। হাইতি ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী ক্রিশ্চিয়ান ইমানুয়েল সানন বুধবার এই রায়ে দোষী সাব্যস্ত হন; তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
প্রায় আট সপ্তাহ ধরে চলা বিচার শেষে আদালত সাননকে ময়িজকে হত্যার ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেন। যুক্তরাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তিকে অপহরণ বা হত্যার ষড়যন্ত্রের অভিযোগসহ মোট আটটি অভিযোগের মুখোমুখি ছিলেন তিনি।
মার্কিন প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ ফ্লোরিডা ছিল ময়িজকে ক্ষমতা থেকে সরিয়ে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট বসানোর পরিকল্পনা ও অর্থায়নের কেন্দ্র। ষড়যন্ত্রকারীদের প্রথম পছন্দ ছিলেন সানন নিজেই—ময়িজের স্থলাভিষিক্ত হিসেবে তাঁকেই ভাবা হয়েছিল। প্রসিকিউটররা আরও বলেন, সানন ষড়যন্ত্রের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করেছেন এবং নিজের ও অন্যদের হাইতি যাতায়াত ও থাকার ব্যবস্থা করেছেন।
তবে বিচারে সাক্ষ্য দিতে গিয়ে সানন স্বীকার করেন, কোনো এক পর্যায়ে ময়িজকে প্রতিস্থাপন করতে চাওয়া ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কিন্তু তাঁর দাবি, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য প্রার্থীর দিকে সরে গিয়েছিল। ময়িজকে হত্যার কোনো পরিকল্পনার কথা তিনি জানতেন না বলেও তিনি অস্বীকার করেন।
সাননের জন্ম হাইতিতে; কিশোর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্লোরিডা ও মিডওয়েস্টের হাইতিয়ান অভিবাসী সম্প্রদায়ের গির্জাগুলোর সঙ্গে তিনি কাজ করেছেন।
২০২১ সালের ৭ জুলাই রাতে নিজ বাড়িতে অভিযানে নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মূলত অবসরপ্রাপ্ত কলম্বিয়ান সেনাদের একটি দল ওই হামলা চালায়; হামলায় ময়িজের স্ত্রীও আহত হন। সেই থেকে হাইতির কোনো প্রেসিডেন্ট নেই। আমেরিকা মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হাইতির ইতিহাসে একনায়কতন্ত্র, রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি হস্তক্ষেপ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শাসনকে বাধাগ্রস্ত করেছে। আগামী বছর দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটরদের মতে, আদালতের নথি অনুযায়ী কোভিড মহামারির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তার জন্য দেওয়া মার্কিন সরকারি কর্মসূচির অর্থ দিয়ে প্রায় দুই ডজন বিদেশি ভাড়াটে সেনাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রে ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং এক ডজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন, যাঁদের মধ্যে পাঁচজন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০২১ সালের এপ্রিলে ষড়যন্ত্রটি চূড়ান্ত রূপ নিতে শুরু করে, যখন দক্ষিণ ফ্লোরিডায় সানন হাইতির সাবেক এক সিনেটর ও কয়েকজন মার্কিন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। অভিযোগপত্র অনুযায়ী, সিদ্ধান্ত হয়—সানন ক্ষমতায় গেলে ফ্লোরিডাভিত্তিক দুটি প্রতিষ্ঠান, কাউন্টার টেররিস্ট ইউনিট ফেডারেল একাডেমি ও কাউন্টার টেররিস্ট ইউনিট সিকিউরিটি, যৌথভাবে সিটিইউ নামে পরিচিত, অবকাঠামো প্রকল্প, নিরাপত্তা বাহিনী ও সামরিক সরঞ্জামের চুক্তি পাবে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, সিটিইউ প্রথমে সাননের নিরাপত্তার জন্য সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৮ জন কলম্বিয়ান নাগরিককে নিয়োগ দেয়। কর্মকর্তাদের মতে, ষড়যন্ত্রকারীরা কয়েক মাস ধরে অস্ত্র ও বুলেটপ্রুফ পোশাক সংগ্রহ এবং হাইতির গ্যাংগুলোর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা চালায়।
তবে ২০২১ সালের জুনের মধ্যে ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে, প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা কিংবা পর্যাপ্ত জনসমর্থন—কোনোটাই সাননের নেই। তখন তারা সমর্থন সরিয়ে নেয় হাইতির সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ওয়েন্ডেল কোক থেলোর দিকে; থেলো ২০২৫ সালের জানুয়ারিতে পলাতক অবস্থায় মারা যান।
সাননের বিচার হওয়ার কথা ছিল আরও চারজনের সঙ্গে, যাঁরা চলতি বছরের শুরুর দিকে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে স্বাস্থ্যগত কারণে তাঁর মামলা আলাদা করে বিচার পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার রায় ঘোষণার মধ্য দিয়ে ময়িজ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আরেকজন অভিযুক্তের অধ্যায় শেষ হলো।




