‘ভাল্লুককে খোঁচা দিলে অন্য এক রাবাদা বেরিয়ে আসে’: জোহানেসবার্গ টেস্টে সতীর্থের প্রশংসা
জোহানেসবার্গ টেস্টে কাগিসো রাবাদার ব্যাটিং ও বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। তাঁর মতে, প্রতিপক্ষ যখন রাবাদাকে উত্তেজিত করে, তখন তাঁর ভেতরের ভয়ংকর রূপ বেরিয়ে আসে।
প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড নেওয়ার পর চতুর্থ দিনে দ্রুত উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের প্রথম দিনে ১৭ ওভার বল করে কোনো উইকেট পাননি প্যাটারসন, যেখানে প্রথম পাঁচটি উইকেটই নেন রাবাদা। প্যাটারসনের পাঁচ বছর বয়সী ছেলে লিও জানতে চেয়েছিল, কেন সে রাবাদার মতো উইকেট নিতে পারছে না।
নিজের বোলিং নিয়ে প্যাটারসন বলেছেন, ‘এমন বাজে বোলিং করার জন্য নিজেকেই দোষ দিচ্ছি। চার্লস ল্যাঙ্গাভেল্ট আমার সঙ্গে কথা বলেছেন, তিনি জানালেন, আমার বলের লেংথ আরেকটু পেছনে টেনে আনা দরকার ছিল। এটাই ছিল আমার একমাত্র সমস্যা। সবসময় ভালো করতে চাইবেন, উইকেট নিতে চাইবেন, আমিও সবসময় সেটাই খুঁজি। সম্ভবত প্রথম দিন আমার লেংথ ঠিক ছিল না। কেউ নিশ্চয়ই আমার কাছ থেকে বাউন্সার আশা করছে না! শুধু আমার লেংথ কিছুটা পরিবর্তন করেছি এবং বলগুলোকে আরও কঠিন জায়গায় ফেলার চেষ্টা করেছি।’
ব্যাটিংয়ে রাবাদার ৯৩ বলে ক্যারিয়ারসেরা ৭২ রানের ইনিংসকে বড় পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত হিসেবে দেখছেন প্যাটারসন। শেষ উইকেটে ৪৫ রানের জুটিতে নিজেও তিনি করেন ২৭ বলে ২৯ রান, যার মধ্যে ছিল দুটি ছক্কা।
রাবাদার ব্যাটিং নিয়ে রসিকতার সুরে প্যাটারসন বলেছেন, ‘কেজি রাবাদা ও রায়ান যেভাবে খেলেছে, তাতে মনে হয় তারা ম্যাচকে প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে গেছে। কেজি ব্যাটিংকে বেশ গুরুত্ব সহকারে নেয়। সে এমন ভাগ্যবান লোয়ার অর্ডার ব্যাটারদের একজন, যে নেটে অনুশীলনের সুযোগ পায়। আমি আর এইনরিখ নর্টজে অবশ্য নেটে অনুশীলনের সুযোগ পাই না। সে ভাগ্যবান যে নেট সেশন ও থ্রো ডাউন পাওয়ার সুবিধা পায়। সে ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করে, যার ফল পেয়েছে।’
নিজের ব্যাটিং কৌশল প্রসঙ্গে প্যাটারসন বলেছেন, কোচ তাঁকে বলেছেন ড্রেসিংরুম থেকে সিঁড়ি দিয়ে নামার সময় থেকেই যেন প্রথম বলটি খেলার প্রস্তুতি নেন, যাতে দ্বিতীয় বলটি পেলে ছক্কা হাঁকাতে পারেন। তিনি বলেন, ‘যখনই ব্যাটিংয়ে নামি, তিনি শুধু বলেন, তুমি তো জানোই কী করতে হবে। খেলার পরিস্থিতি যাই হোক না কেন, আমাকে ছক্কা মারতেই হবে! ব্যাটিংয়ের সময় কেবল আনন্দ খোঁজার চেষ্টা করি।’
দলের বোলিং নিয়ে প্যাটারসন বলেছেন, ‘দল হিসেবে আমরা যে ২০ ওভার বোলিং করেছি, তা ছিল অবিশ্বাস্য। ড্রেসিংরুমে ফেরার পর শুকস বললেন, একেই বলে টেস্ট বোলিং। আমরা সবকিছু খুব সহজ রেখেছিলাম।’
চা বিরতির পর রাবাদার বলে পরপর দুটি বাউন্ডারি মারেন তাওহীদ হৃদয়। ঠিক পরের ওভারেই শর্ট পিচ ডেলিভারিতে রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। তাঁকে ফিরিয়ে বুনো উল্লাসে মাতেন রাবাদা।
হৃদয়ের বাউন্ডারির পরের পরিস্থিতি নিয়ে প্যাটারসন বলেছেন, ‘তাকে একটু উসকে দেওয়ার জন্য বললাম যে, তারা যে ভাল্লুককে খোঁচা দিচ্ছে, তা আমার দারুণ লাগছে। আর যখনই কেউ এই ভাল্লুককে খোঁচা দেয়, তখন রাবাদার এক ভিন্ন রূপ বেরিয়ে আসে।’ রাবাদার উদ্যাপন প্রসঙ্গে তিনি যোগ করেছেন, ‘ছেলেরা বলছিল, রাবাদাকে এমনভাবে উদ্যাপন করতে তারা অনেক দিন দেখেনি।’


