পটুয়াখালীতে লকডাউন ঘিরে রাতে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর ও নেতাদের বাড়িতে আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার ১৮ নভেম্বর রাত সাড়ে নয়টার পর থেকে জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
তবে সকাল থেকে লকডাউনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। জেলায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টায় কলাপাড়া বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামের দুই যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুর করা হয়েছে।
এছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অপরদিকে রাত দশটায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পরে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটে। মহিপুর থানার লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

