…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

যে সাত ফল ও সবজি খোসাসহ খেলে বেশি পুষ্টি মিলবে

নিজস্ব প্রতিবেদক
যে সাত ফল ও সবজি খোসাসহ খেলে বেশি পুষ্টি মিলবে
ছবি: সংগৃহীত

আপেল খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন অনেকেই, গাজর রান্নার সময়ও খোসা ফেলে দেন। অথচ কিছু ফল ও সবজির খোসায় থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা উদ্ভিদজাত পুষ্টি উপাদান। খোসা ফেলে দিলে এসব পুষ্টির কিছু অংশও বাদ পড়ে যায়। তবে সব খোসাই যে খাওয়া ভালো, তা নয়।

এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই পুষ্টিবিদ—‘শ সিম্পল সোয়াপস’-এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ শ এবং ‘হিস্পানিক অ্যান্ড মাল্টিকালচারাল নিউট্রিশন কমিউনিকেশনস’-এর প্রতিষ্ঠাতা ও ডায়েটিশিয়ান সিলভিয়া ক্লিঙ্গার।

ফল ও সবজির খোসা মূলত বাইরের সুরক্ষামূলক আবরণ। সূর্যের অতিবেগুনি রশ্মি ও কীটপতঙ্গসহ পরিবেশের নানা প্রতিকূলতা থেকে ফল ও সবজিকে রক্ষা করতে এই আবরণ ভূমিকা রাখে। অনেক ফল ও সবজির খোসায় আঁশের পাশাপাশি পলিফেনল, ফ্ল্যাভোনয়েড ও ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত যৌগ পাওয়া যায়, যেগুলোর অনেকগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।

খাদ্যের আঁশ হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি বজায় রাখতেও ভূমিকা রাখে। কিছু ফল ও সবজির খোসা ছাড়িয়ে ফেললে মোট আঁশের পরিমাণ কমে যায়। তবে পুষ্টির পরিমাণ নির্ভর করে ফল বা সবজির ধরন, জাত, পরিপক্বতা ও প্রস্তুতপ্রণালির ওপর।

আপেলের খোসায় খাদ্যআঁশের পাশাপাশি ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলের মতো উপকারী উদ্ভিদজাত যৌগ থাকে। আপেলের ভেতরের অংশেও ভিটামিন ও আঁশ আছে, তাই খোসা ছাড়িয়ে খেলেও পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয় না; তবে ভালোভাবে ধুয়ে খোসাসহ খেলে বাড়তি সুবিধা পাওয়া সম্ভব।

নাশপাতি আঁশসমৃদ্ধ ফল, এর খোসায়ও আঁশ ও বিভিন্ন ধরনের পলিফেনল আছে। খোসাসহ নাশপাতি খেলে মোট আঁশের পরিমাণ বাড়ে, যা হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে। ভালোভাবে ধুয়ে সরাসরি বা ফলের সালাদে যোগ করে খাওয়া যায়।

মিষ্টি আলু বিটা ক্যারোটিন ও খাদ্যআঁশসহ বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস; কমলা রঙের মিষ্টি আলুর বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হতে পারে। এর খোসায়ও আঁশ ও উদ্ভিদজাত যৌগ আছে। রান্নার আগে পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে মাটি সরিয়ে নিয়ে সেদ্ধ, ভাপানো বা বেক করে খোসাসহ খাওয়া যায়।

শসায় পানির পরিমাণ বেশি, তাই শরীরের পানির চাহিদা পূরণে এটি কিছুটা সাহায্য করে। শসার সবুজ খোসায় আঁশ, ভিটামিন ‘কে’ ও বিভিন্ন উদ্ভিদজাত যৌগ আছে; খোসা ছাড়ালে এসবের কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। ভালোভাবে ধুয়ে খোসাসহ সালাদ, স্যান্ডউইচে কিংবা সরাসরি খাওয়া যায়, তবে খোসা খুব শক্ত বা তেতো হলে তা বাদ দেওয়া যায়।

গাজর বিটা ক্যারোটিনের ভালো উৎস, এতে আঁশসহ নানা পুষ্টি উপাদান আছে। গাজরের বাইরের পাতলা স্তরেও আঁশ ও উদ্ভিদজাত যৌগ থাকে, তাই গাজর পরিষ্কার ও ভালো অবস্থায় থাকলে খোসা না ছাড়িয়ে খেলেই উপকার বেশি। কাঁচা খাওয়া বা রান্নার আগে পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিতে হবে; খোসা ক্ষতিগ্রস্ত হলে বা ভালোভাবে পরিষ্কার করা না গেলে তা ছাড়িয়ে নেওয়াই ভালো।

পেয়ারা ভিটামিন ‘সি’ ও খাদ্যআঁশের ভালো উৎস। এর খোসায়ও আঁশ, পলিফেনল ও বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট যৌগ আছে এবং গবেষণায় পেয়ারার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদজাত যৌগ পাওয়া গেছে। ভালোভাবে ধুয়ে খোসাসহ খাওয়া যায়, তবে খোসায় ক্ষত বা পচন থাকলে সতর্ক হতে হবে।

আলুর খোসায় খাদ্যআঁশ ও কিছু উপকারী উদ্ভিদজাত যৌগ আছে, খোসাসহ আলু খেলে বেশি আঁশ পাওয়া যায়; তবে আলুর বেশির ভাগ পটাশিয়াম ও ভিটামিন ‘সি’ ভেতরের অংশেই থাকে। রান্নার আগে ভালোভাবে ঘষে ধুয়ে খোসাসহ সেদ্ধ বা বেক করা যায়। তবে সবুজ হয়ে যাওয়া, তেতো স্বাদের বা বেশি অঙ্কুর গজানো আলু এড়িয়ে চলাই নিরাপদ, কারণ এসব আলুতে ক্ষতিকর গ্লাইকো-অ্যালকালয়েডের মাত্রা বেড়ে যেতে পারে।

খোসাসহ ফল ও সবজি খেতে চাইলে সেগুলো ভালোভাবে পরিষ্কার করা জরুরি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফল ও সবজি পরিষ্কারের ক্ষেত্রে সাধারণ প্রবহমান পানি ব্যবহারের পরামর্শ দেয়; ধোয়ার সময় হাত দিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে। শসা, গাজর ও মিষ্টি আলুর মতো শক্ত ফল ও সবজির জন্য পরিষ্কার ভেজিটেবল ব্রাশ ব্যবহার করা যায় এবং ধোয়ার পর পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে মুছে নেওয়া ভালো।

ফল ও সবজি ধোয়ার জন্য সাবান, ডিটারজেন্ট, ব্লিচ কিংবা বাজারের বিশেষ পরিষ্কারক ব্যবহারের প্রয়োজন নেই; এসব রাসায়নিক খাবারের গায়ে থেকে যেতে পারে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। খোসা ছাড়িয়ে খাওয়ার পরিকল্পনা থাকলেও কাটার আগে ধুয়ে নিতে হবে, না হলে ছুরি দিয়ে কাটার সময় বাইরের ময়লা ও জীবাণু ভেতরের অংশে চলে যেতে পারে। তবে শুধু পানি দিয়ে ধুলেই সব জীবাণু বা কীটনাশকের অবশিষ্টাংশ সম্পূর্ণ দূর হবে, এমন নিশ্চয়তা নেই।

খোসাসহ খাওয়া অনেক ক্ষেত্রে উপকারী হলেও সবার জন্য সব সময় উপযুক্ত নয়, বিশেষ করে হজমের সমস্যা থাকলে। ক্রোহনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস কিংবা অন্ত্রের কিছু সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি আঁশযুক্ত খাবারে অসুবিধা হতে পারে; রোগের উপসর্গ বেড়ে গেলে বা অন্ত্রে সংকীর্ণতা থাকলে চিকিৎসক সাময়িকভাবে কিছু ফল ও সবজির খোসা বাদ দেওয়ার পরামর্শ দিতে পারেন। এ ধরনের রোগ থাকলেই সব সময় খোসা ছাড়িয়ে খেতে হবে, এমন নয়—ব্যক্তির অবস্থা অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

ফল বা সবজিতে চিতি (মোল্ড) পড়লেও সতর্ক হতে হবে। শসা বা টমেটোর মতো নরম ফল ও সবজিতে চিতি দেখা গেলে পুরোটা ফেলে দেওয়াই নিরাপদ, কারণ চিতি দৃশ্যমান অংশের বাইরেও ছড়িয়ে থাকতে পারে। অন্যদিকে গাজর বা বাঁধাকপির মতো কিছু শক্ত সবজিতে অল্প চিতি দেখা গেলে আক্রান্ত অংশের চারপাশ ও নিচ থেকে অন্তত এক ইঞ্চি কেটে বাদ দিয়ে বাকি অংশ ব্যবহার করা যেতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

লাইফস্টাইল

সন্তানের মিথ্যা বলা সব সময় খারাপ নয়, বলছেন মনোবিজ্ঞানীরা

শিশুদের মিথ্যা বলার বিষয়টি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা অধিকাংশ অভিভাবকেরই রয়েছে। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার আগে জানা দরকার, শিশুর এই আচরণ সব সময়…

লাইফস্টাইল

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, নীরব সংগ্রাম ও আত্মত্যাগের স্বীকৃতির দিন

আজ ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনে পুরুষদের ইতিবাচক ভূমিকা ও অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এই…

১৩ বছর পথে পথে ঘোরার পর স্মৃতি ফিরে বাড়ি ফিরলেন রাজশাহীর বেবী খাতুন
লাইফস্টাইল

১৩ বছর পথে পথে ঘোরার পর স্মৃতি ফিরে বাড়ি ফিরলেন রাজশাহীর বেবী খাতুন

চলচ্চিত্রে প্রায়ই দেখা যায়, প্রেম করে বিয়ে, তারপর বিচ্ছেদের আঘাত সইতে না পেরে নায়ক কিংবা নায়িকা স্মৃতি হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ঘুর…

গোলাপি চাঁদের সামনে জিরাফ: এআই ভেবে ভুল করা ছবিটি আসলেই বাস্তব
লাইফস্টাইল

গোলাপি চাঁদের সামনে জিরাফ: এআই ভেবে ভুল করা ছবিটি আসলেই বাস্তব

মরুভূমির বালিয়াড়ির পেছনের আকাশে বিশাল গোলাপি চাঁদ। তার ঠিক সামনে দাঁড়িয়ে লম্বা গলার এক জিরাফ। দৃশ্যটি দেখে মনে হয় কোনো সিনেমার ফ্রেম। ছবিটি এতটাই…