মার্কিন অবরোধে ইরানের অর্থনীতি গভীর চাপে, তেহরান বলছে চাপ সামলে টিকে থাকবে
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ দেশটির অর্থনীতিতে মারাত্মক চাপ তৈরি করছে, তবে তেহরান জোর দিয়ে বলছে তাদের অর্থনীতি এই চাপ সহ্য করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরান সরকারের পতন ঘটানো কিংবা তাকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে বাধ্য করার কাঙ্ক্ষিত ফল দিচ্ছে কি না, তা বলার সময় এখনো আসেনি।
যুক্তরাষ্ট্র মনে করে, ইরানের ওপর তাদের নৌ অবরোধ, স্থলপথে বাণিজ্য ব্যাহত করা এবং নিষেধাজ্ঞা—তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের এই অভিযান—কাজ করছে। সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির সমর্থনে ওয়াশিংটন অঞ্চলটিতে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এনেছে, যা তেহরানকে তাদের দাবির কাছে আরও নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে অচলাবস্থার পর ওয়াশিংটন দাবি করেছে, তেহরানকে হরমুজ প্রণালি আবার খুলে দিতে হবে এবং তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে।
তবে ইরানি কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, তারা অর্থনৈতিক চাপ সহ্য করতে পারবে এবং তারা নিজেদের দাবি সামনে এনেছে। এই সপ্তাহে বাহরাইনে রাডার ব্যবস্থাসহ অঞ্চলটিতে মার্কিন স্বার্থের ওপর হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে অবাধ্য জবাব হিসেবে দেখা হয়েছে।
তেহরানভিত্তিক অর্থনীতিবিদ পেয়মান মোলাভি বলেছেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী মাসগুলোতে ইরানের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তিনি আল জাজিরাকে বলেন, ‘এর প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, শেয়ারবাজার ও আবাসনের মতো সমান্তরাল বাজারগুলোতে। তবে দুর্ভাগ্যজনকভাবে সবচেয়ে বড় প্রভাব পড়বে পণ্যের বাজারে—জ্বালানি থেকে কৃষিপণ্য, ধাতু ও শিল্পপণ্য পর্যন্ত।’
কয়েক দশক ধরে ইরানের সরকারগুলো আরও বেশি অর্থ ছাপিয়ে বাজেট ঘাটতি পূরণ করে আসছে, যার ফলে দেশটিতে অর্থ সরবরাহ বেড়ে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি তৈরি হয়েছে। মার্কিন সামরিক অবরোধের কারণে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বৈদেশিক মুদ্রার সংকট পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
মোলাভির হিসাব অনুযায়ী, পারস্য বছরের শেষে, মার্চের শেষের দিকে, ইরানে অর্থ সরবরাহের বার্ষিক প্রবৃদ্ধি বর্তমান প্রায় ৫১ শতাংশ থেকে বেড়ে ৫৫ থেকে ৬০ শতাংশে পৌঁছাতে পারে। নেতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মিলিয়ে তিনি বলেন, বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে প্রায় ৮৫ শতাংশ এবং পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছাতে পারে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি পাল্টা জবাব দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে, যিনি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। একটি ইরানি প্রবাদ টেনে হেম্মাতি বলেন, শীতের কথা বলা এখনো খুব তাড়াতাড়ি—শরতের শেষে মুরগি গুনে তারপর শীতের দিকে যেতে হবে।
বেসেন্ট দাবি করেছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের মার্চে শেষ হওয়া বছরে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হবে। ইরানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পারস্য ক্যালেন্ডার বছরের প্রথম প্রান্তিকে, ২১ মার্চ থেকে ২০ জুনের মধ্যে, দেশটির জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে।
হেম্মাতি বলেন, আগামী মাসগুলোতে চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ৩ হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রা নিশ্চিত করেছে, যেখানে নাগরিকদের জন্য অপরিহার্য পণ্য সংগ্রহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ রোববার বলেন, ‘আমেরিকান কর্মকর্তারা মনে করেন হুমকির মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবেন এবং প্রতিবার নতুন কিছু তুলে ধরেন; পতনের সম্ভাবনা থেকে সামরিক হুমকি ও তীব্র অর্থনৈতিক চাপ পর্যন্ত।’
মাদানিজাদেহ জোর দিয়ে বলেন, নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা ইরাকের সঙ্গে একটি পথ ছাড়া ইরানে আসা-যাওয়ার সব স্থলপথ খোলা রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র প্রতিবেশীদের থেকে ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবরে শেষ হওয়া ইরানি মাস মেহরে ১২ মাসের গড় বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৭৬ দশমিক ৮ শতাংশ। পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি, যা শুধু ওই মাসকে আগের বছরের একই মাসের সঙ্গে তুলনা করে, ছিল ৮৮ দশমিক ৭ শতাংশ। অপরিহার্য পণ্যগুলোতে কয়েক মাস ধরে তিন অঙ্কের মূল্যস্ফীতি চলছে; অক্টোবরে খাদ্য, পানীয় ও তামাক খাতে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১৩ দশমিক ৪ শতাংশ।
তেহরানের গ্র্যান্ড বাজারের ৩৭ বছর বয়সী দোকানদার সালেহ, যিনি ছোট শিল্প ইউনিটের জন্য বৈদ্যুতিক মোটর বিক্রি করেন, বলেন, দেশীয় ও চীনা তৈরি পণ্য এখনো বাজারে সহজেই পাওয়া যাচ্ছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা কামড় বসাতে শুরু করায় সরবরাহ ও চাহিদা কমে গেছে। নিরাপত্তাজনিত কারণে পুরো নাম ব্যবহার না করার শর্তে তিনি বলেন, ‘আগে ১০টি পণ্য বিক্রি করলে এখন তিন-চারটি বিক্রি করছি, তবে দাম বাড়ায় কিছু মুনাফা টিকে আছে। বাজার ধসের কাছাকাছি বলে মনে হয় না, তবে ব্যবসা কমে গেছে।’
বেসেন্ট ইরানে যা ঘটছে তাকে ‘ইতিহাসের দ্রুততম ধসগুলোর একটি’ বলে অভিহিত করেছেন এবং ট্রাম্পের নির্দেশিত নিষেধাজ্ঞা অভিযানকে ‘একটি একক দেশের বিরুদ্ধে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নতা’ বলে বর্ণনা করেছেন। তিনি পরিস্থিতিটিকে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগের সময়ের সঙ্গে তুলনা করেছেন, যখন দেশটির অর্থনীতি তিন বছরে ২২ শতাংশ সংকুচিত হয়েছিল।
অর্থনীতিবিদ মোলাভি বলেন, এই তুলনা ইরানের ক্ষেত্রে তাৎক্ষণিক অর্থনৈতিক ধসে সরাসরি রূপ নাও নিতে পারে, কারণ দুটির অর্থনৈতিক মডেল মৌলিকভাবে আলাদা। তবে তিনি উল্লেখ করেন, ইরানের নামমাত্র জিডিপি ২০১২ সালের ৬৪ হাজার ৫০০ কোটি ডলার থেকে কমে এখন প্রায় ৩০ হাজার কোটি ডলারে নেমেছে এবং নিষেধাজ্ঞা চলতে থাকলে তা আরও কমতে পারে। তাঁর ভাষায়, বর্তমান বিনিয়োগ ঘাটতি, বন্ধ তেল বিক্রি, ব্যাহত রপ্তানি এবং অর্থনীতিতে স্থবিরতার অনুভূতি থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও নেতিবাচক হবে।



