ইউক্রেনের ওডেসায় রুশ হামলায় চারজন নিহত, আহত অন্তত ১৩

ইউক্রেনের বন্দরনগরী ওডেসার ঐতিহাসিক কেন্দ্রে রাশিয়ার হামলায় চারজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) এ হামলা চালানো হয় বলে নগরীর সামরিক প্রশাসন জানিয়েছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের গভর্নর ওলেহ কিপের জানান, সকালজুড়ে ওই এলাকায় তিনটি পৃথক রুশ হামলা চালানো হয়। হামলায় আবাসিক ভবন, ক্যাফে, দোকানপাট ও রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে আগুন নেভাতে কাজ করছেন উদ্ধারকর্মীরা এবং পুড়ে যাওয়া যানবাহনের আগুন নেভানো হচ্ছে। চিকিৎসাকর্মীরা আহত বেসামরিক নাগরিকদের স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলেন।
হামলার পর এলাকার সড়কগুলো কাচ ও ধ্বংসস্তূপে ছেয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি ও গাড়ির পাশে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন জরুরি বিভাগের কর্মীরা, আর আশপাশে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসযজ্ঞের প্রকৃত পরিমাণ ও আহতের সংখ্যা এখনো নিরূপণের কাজ চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ শেষ করার পরবর্তী দফা আলোচনার নিশ্চয়তার অপেক্ষায় দুই রাজধানী থাকা অবস্থায় ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই সর্বশেষ এই হামলা চালানো হলো।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধে ইউক্রেনের শহর ও অবকাঠামো ধ্বংস হচ্ছে। বুধবারের হামলায় ওডেসার ঐতিহাসিক কেন্দ্র আরও ক্ষতিগ্রস্ত হয়েছে; এলাকাটি তার ঐতিহ্যবাহী স্থাপত্য ও ঘনবসতিপূর্ণ বেসামরিক পাড়ার জন্য পরিচিত।



