বিশ্বের সেরা স্কুলের পুরস্কার পেল লন্ডনের সুইস কটেজ, বিশেষ চাহিদার শিশুদের স্কুলের বিশ্বজয়

লন্ডনের ক্যামডেনে অবস্থিত সুইস কটেজ স্কুল বিশ্বের সেরা স্কুলের পুরস্কার জিতেছে। একাধিক, গুরুতর ও জটিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তরুণদের জন্য পরিচালিত এই স্কুলটি ‘কমিউনিটি কোলাবরেশন’ বা সমাজের সঙ্গে সহযোগিতা বিভাগে ওয়ার্ল্ডস বেস্ট স্কুল পুরস্কার পেয়েছে। ইংল্যান্ডের কোনো স্কুলের এটাই প্রথম এই পুরস্কার জয়।
স্থানীয় কর্তৃপক্ষ পরিচালিত সুইস কটেজ স্কুল, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার এর আগে টানা সাতবার শিক্ষা মান পরিদর্শক সংস্থা অফস্টেডের ‘আউটস্ট্যান্ডিং’ বা অসাধারণ স্বীকৃতি পেয়েছে।
যুক্তরাজ্যের শিক্ষাসচিব লুসি পাওয়েল বলেছেন, এই স্কুলটি তাদের বিশেষ শিক্ষাগত চাহিদা সংস্কারের মাধ্যমে যা প্রতিষ্ঠা করতে চান, তারই উদাহরণ: এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিটি শিশু নিজেকে এই সমাজের অংশ মনে করবে এবং বাড়ির কাছেই, লড়াই ছাড়াই প্রয়োজনীয় সহায়তা পাবে।
কাগজে-কলমে সুইস কটেজ ইংল্যান্ডের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এক হাজারের বেশি বিশেষ স্কুলের একটি, যেগুলো দেশটির ১০ হাজারের বেশি গভীর বিকাশগত ও শেখার জটিলতায় থাকা শিশুর শিক্ষা দেয়। তবে পরিবারগুলোর কাছে ‘সুইস’ নামে পরিচিত এই স্কুলটি পরিচালিত হয় একেবারে ভিন্নভাবে।
স্কুলটিতে নিজস্ব শিক্ষার্থীদের পড়ানোর পাশাপাশি একটি সমন্বিত গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। এটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে এবং শিক্ষা গবেষণা চালায়। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ে শত শত সাধারণ ও বিশেষ স্কুলের সঙ্গে নিজেদের ভালো চর্চা ভাগ করে নেয় স্কুলটি; গত এক বছরেই দক্ষিণ আমেরিকা, উজবেকিস্তান, সৌদি আরব ও সুইডেন থেকে প্রতিনিধিদল এসেছে এখানে।
স্কুলের প্রধান সিরা সোয়ে বলেন, এসব অংশীদারত্ব শুধু নিজেদের চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য নয়, অন্যের কাছ থেকে শেখার জন্যও। সুইসের সহায়তার পর যুক্তরাজ্যের বেশ কয়েকটি স্কুল তাদের শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও পরিকল্পনা বদলেছে বলেও তিনি জানান।
শিক্ষার্থীদের একজন অ্যালেক্স, বয়স ১৮। তার সোটোস সিনড্রোম নামে বিরল জিনগত সমস্যা রয়েছে; সঙ্গে মৃগী, স্কোলিওসিস, অটিজম ও গুরুতর বিকাশগত বিলম্ব। তার মা মারিয়া বলেন, সুইসে আসার আগে কোনো নার্সারি তাকে এক ঘণ্টার বেশি রাখেনি; সে আঘাত করত, লাথি দিত, কামড় দিত। কিন্তু সুইস থেকে তাকে কখনো আগেভাগে বাড়ি যেতে হয়নি। মারিয়ার ভাষায়, ‘সুইস আমাদের দ্বিতীয় পরিবার হয়ে গেছে।’ বিশেষ চাহিদার শিশুদের সহায়তা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় ভাগ হয়ে থাকে, কিন্তু সুইস তাদের জন্য সবটাই একসঙ্গে করে।
অ্যালেক্স এই সেপ্টেম্বরে স্কুল ছাড়বে। একাধিক বা জটিল চাহিদা থাকা তরুণদের প্রায় ৩৮ শতাংশ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকে, যার সংখ্যা প্রায় ৩ লাখ ৮০ হাজার। তবে প্রধান শিক্ষক সোয়ের গর্ব, তার স্কুলের প্রতিটি শিক্ষার্থীই ব্যতিক্রম ছাড়া পরবর্তী শিক্ষা, প্রশিক্ষণ বা বিশেষায়িত সহায়তায় যায়। তার ভাষায়, ‘আমরা নিট তৈরি করি না। এই শিশুদের সীমা বলে আমরা যা ভাবি, তা আসলে তাদের নিয়ে আমাদের নিজেদের কল্পনা ও উচ্চাকাঙ্ক্ষারই সীমা।’
প্রতিটি শিশুর নিজস্ব সম্ভাবনা বের করে আনতে স্কুলটি প্রতিটি শিশুর জন্য আলাদা পাঠ্যক্রম তৈরি করে। শিশুর যোগাযোগ, জ্ঞানীয় ও শারীরিক চাহিদার পরিবর্তন অনুযায়ী প্রতি সপ্তাহে তা সমন্বয় করা হয়; এতে শিক্ষক, থেরাপিস্ট, বিশেষজ্ঞ, নার্স, ফিজিওথেরাপিস্ট ও স্কুলে অবস্থানরত জাতীয় স্বাস্থ্য সেবার মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা একসঙ্গে বসেন।
স্কুলটির ‘এমপ্লয় মি’ কর্মসূচি তরুণদের বাইরের জগতে কাজের অভিজ্ঞতা দেয়, আবার বাইরের জগতকেও তাদের অনন্য দক্ষতা ও শক্তির অভিজ্ঞতা দেয়। সোয়ে বলেন, ‘আমাদের কাজের বড় অংশ হলো বিশ্বকে শেখানো, আমাদের তরুণরা কতটা অসাধারণ এবং তাদের কী দেওয়ার আছে, যাতে তারা স্কুল ছাড়ার পর বিশ্বও তাদের আরও বেশি কিছু দিতে পারে।’



