ব্রিটেনে ১,০৭০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা প্রতিরক্ষা জায়ান্ট বিএই সিস্টেমসের

ব্রিটেনের সবচেয়ে বড় প্রতিরক্ষা ঠিকাদার বিএই সিস্টেমস যুক্তরাজ্যে ১,০০০-এর বেশি চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এতে মন্ত্রীদের কাছে কোম্পানিটির জন্য অতিরিক্ত অর্ডার দেওয়ার দাবি উঠেছে।
কোম্পানিটি জানিয়েছে, প্রধান কার্যালয় ও এয়ার ব্যবসা থেকে ১,০৭০টি পদ ছাঁটাইয়ের লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ‘গুরুত্বপূর্ণ সক্ষমতা যাঁদের দরকার, তাঁদের হাতে আরও গতি ও দক্ষতার সঙ্গে’ পৌঁছে দেওয়া যায়।
ছাঁটাইয়ের সংখ্যা যুক্তরাজ্যে কোম্পানিটির ৫০,০০০ কর্মীর প্রায় ২ শতাংশ। এর মধ্যে এয়ার ব্যবসায় প্রায় ১৮,৫০০ জন এবং লন্ডনের প্রধান কার্যালয়ে প্রায় ১,০০০ জন কাজ করেন। ছাঁটাই হবে স্বেচ্ছা প্রক্রিয়ায় এবং এতে কারখানার শ্রমিক, রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটিতে বিমান রক্ষণাবেক্ষণকর্মী ও প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণার্থীরা থাকছেন না।
বিএইর এক মুখপাত্র বলেছেন, এই ছাঁটাই ‘আমাদের নমনীয়তা ও প্রতিযোগিতা বাড়ানোর চলমান প্রচেষ্টার পরবর্তী ধাপ, যাতে গ্রাহকদের প্রতিরক্ষা খাতে ব্যয় করা প্রতিটি পাউন্ডের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা যায়’। তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি, এই খবর আমাদের কর্মীদের জন্য উদ্বেগের হতে পারে এবং সম্ভাব্য কর্মী হ্রাস স্বেচ্ছা প্রক্রিয়ায় সম্পন্ন করার দিকেই আমরা মনোযোগ দিচ্ছি।’
গত বছর কারখানায় কিয়ার স্টারমারের ঘোষণা দেওয়া এক চুক্তিতে তুরস্কের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমানের অর্ডার পেয়েছিল বিএই। তবে ধারণা করা হচ্ছে, ওই অর্ডার ল্যাঙ্কাশায়ারের কারখানাগুলোতে মাত্র দুই বছরের কাজ জোগাবে—পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানের উৎপাদন শুরু হওয়া পর্যন্ত টিকে থাকার জন্য তা যথেষ্ট নয়। ষষ্ঠ প্রজন্মের টেম্পেস্ট যুদ্ধবিমানের উৎপাদনে ইতালি ও জাপানের সঙ্গে জোটে নেতৃত্ব দেবে বিএই।
বিষয়টি সম্পর্কে জানেন এমন এক সূত্র বলেছেন, ছাঁটাইয়ের সিদ্ধান্ত ব্যয় কমানোর চেয়ে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কর্মসূচি ঘিরে অনিশ্চয়তার সঙ্গে বেশি যুক্ত।
এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের পর থেকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সুফল পাচ্ছে বিএই। গত মাসে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত তারা ৩৩ বিলিয়ন পাউন্ডের অর্ডার পেয়েছে এবং ২০২৬ সাল শেষ হওয়ার আগেই আরও চুক্তি আশা করছে। আর্থিক বছরের জন্য মুক্ত নগদ প্রবাহের পূর্বাভাসও ১০ শতাংশ বাড়িয়ে প্রায় ২০০ কোটি পাউন্ড থেকে ৩০০ কোটি পাউন্ড করা হয়েছে।
ইউনিয়ন ইউনাইটের মহাসচিব শ্যারন গ্রাহাম সতর্ক করে বলেছেন, ‘সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া শুরু না করলে যুক্তরাজ্যে উৎপাদন শিল্পই আর থাকবে না।’ তিনি বলেন, ‘প্রতিরক্ষা চাকরির ক্ষয় থামাতে এবং প্রয়োজনীয় প্রবৃদ্ধি পেতে সরকারকে ব্রিটিশ-নির্মিত টাইফুন ও কলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট (সিসিএ)-এর চুক্তি এখনই ঘোষণা করতে হবে।’ জুলাইয়ে ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশোতে বিএই মানবহীন সিসিএ ‘ব্রনটানাক্স’ উন্মোচন করেছিল।
ল্যাঙ্কাশায়ারে বিএইর দুটি এয়ার উৎপাদন কেন্দ্র রয়েছে; সেখানকার রক্ষণশীল এমপি অ্যান্ড্রু স্নোডেনও গ্রাহামের দাবির প্রতিধ্বনি করেছেন। তিনি ল্যাঙ্কাশায়ার পোস্টকে বলেন, ‘সরকারের এখনই বিএইকে সমর্থন করা উচিত—ব্রিটিশ-নির্মিত টাইফুন ও কলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফটের অর্ডার দিয়ে, যাতে এখানকার দক্ষ কর্মী ও সরবরাহ শৃঙ্খল কাজের একটি স্পষ্ট ধারাবাহিকতা পায়।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা জানি, সম্ভাব্য যেকোনো স্বেচ্ছা ছাঁটাই উদ্বেগের কারণ হতে পারে এবং যাঁরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাঁদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।’ তিনি বলেন, শীতল যুদ্ধের পর প্রতিরক্ষা ব্যয়ে সবচেয়ে বড় বৃদ্ধি দিচ্ছে এই সরকার এবং জুলাইয়ের পর থেকে ইতিমধ্যে ৪০০ কোটি পাউন্ডের বিনিয়োগে সম্মত হয়েছে, যার মধ্যে গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের উন্নয়নে নেতৃত্ব দিতে বিএইকে ৭০ কোটি ৮০ লাখ পাউন্ডের চুক্তি সম্প্রসারণও রয়েছে।




