হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে দেশটির বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশটির হেগ শহরের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা শুরু হয়। আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি এ রায় ঘোষণা করছেন।
২০১৯ সালের ১১ নভেম্বর রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার চেয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষে দায়ের করা মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান, নির্যাতন ও নিপীড়ন ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন।
মামলায় আরও অভিযোগ করা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালানো হয়েছে।
মামলাটিতে ১১টি দেশের অংশগ্রহণ এর আন্তর্জাতিক গুরুত্ব আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার দায় নির্ধারণ এবং গণহত্যা সনদের আওতায় মিয়ানমারের দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এ রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আইসিজের এ রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সম্প্রদায়।

