মোটরসাইকেল দুর্ঘটনায় ডান হাত হারালেন কমনওয়েলথ স্বর্ণজয়ী ভারোত্তোলক রসলিন
মালয়েশিয়ার কমনওয়েলথ গেমস স্বর্ণজয়ী ভারোত্তোলক মুহাম্মদ হাফিজউদ্দিন রসলিন মোটরসাইকেল দুর্ঘটনার পর তাঁর ডান হাত কেটে ফেলতে হয়েছে। হাসপাতালে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন ক্রীড়া কর্মকর্তা।
২১ বছর বয়সী রসলিন সোমবার রাতে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারান বলে জানা গেছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় তাঁর ডান পা ও ডান হাতে আঘাত লাগে, ঘাড়ে রক্ত জমাট বাঁধে এবং মাথায় সামান্য আঘাত পান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিকিৎসকেরা কনুইয়ের ওপর থেকে রসলিনের ডান হাত কেটে ফেলেছেন। কুয়ালালামপুর হাসপাতালে তাঁর সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়।
মালয়েশিয়া ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি আইয়ুব রহমত বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনার তিন দিন পর রসলিন জ্ঞান ফিরে পেয়েছেন এবং হাসিখুশি আছেন। তাঁর ভাষায়, রসলিন জেগে আছেন এবং হাসছেন।
রহমত বলেন, শারীরিকভাবে রসলিনের অবস্থার উন্নতি হচ্ছে, তবে এই ঘটনা তাঁর ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলেছে। ঘটনাটিকে তিনি দেশের ভারোত্তোলনের জন্য ধাক্কা ও বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন।
মালয়েশিয়া সরকার বলেছে, জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে দুর্ঘটনা সংক্রান্ত সব চিকিৎসা ও সেবার খরচ সরকার বহন করবে। বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া পর্যন্ত পরবর্তী চিকিৎসা ও হাসপাতালে থাকার খরচও এর মধ্যে থাকবে এবং রসলিনের প্রশিক্ষণ ভাতা বর্তমান হারে চালু থাকবে।
মালয়েশিয়ার সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটি (ইউপিএসআই) রসলিনের সুস্থতার অংশ হিসেবে তাঁকে মানসিক সহায়তা ও ক্রীড়া মনোবিজ্ঞান সহায়তার প্রস্তাব দিয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিজ্ঞান ও কোচিং অনুষদের সহযোগী অধ্যাপক ড. জাফরি জাকারিয়া বলেন, এমন সংকটে একজন ক্রীড়াবিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক ধাক্কা, অস্বীকারের পর্যায় এবং হঠাৎ ক্রীড়া পরিচয় হারানোর সঙ্গে মানিয়ে নেওয়াও।
রসলিন এ বছর কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৮ কেজি শ্রেণিতে স্বর্ণ জিতেছিলেন। মোট ৩৪৫ কেজি তুলে তিনি গেমস রেকর্ড গড়েন এবং স্ন্যাচে ১৬২ কেজি তুলে জাতীয় রেকর্ডের পাশাপাশি গেমস রেকর্ডও গড়েন।
রসলিনকে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য মালয়েশিয়ার সম্ভাবনাময় ক্রীড়াবিদ হিসেবে দেখা হচ্ছিল।

