কংগ্রেস অবমাননার সাজা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো

কংগ্রেসের সমন অমান্য করে চার মাস ফেডারেল কারাগারে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো তাঁর অবমাননার দণ্ড বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
নাভারো ট্রাম্পের প্রথম প্রশাসনে জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা ছিলেন। বর্তমান প্রশাসনে তিনি বাণিজ্য ও উৎপাদনবিষয়ক জ্যেষ্ঠ কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি সুপ্রিম কোর্টে এই আবেদন করেন।
ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের ৬ জানুয়ারির কমিটিকে সাক্ষ্য ও নথি দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৩ সালে কংগ্রেস অবমাননার দুটি অভিযোগে দোষী সাব্যস্ত হন নাভারো। তাঁর দাবি ছিল, নির্বাহী বিশেষাধিকারের কারণে তিনি সমন মানতে বাধ্য নন।
বিচারপতিরা মামলাটি শুনতে রাজি হলে কংগ্রেসের সমন অমান্যকারীকে দোষী সাব্যস্ত করা আরও কঠিন হয়ে যেতে পারে, কারণ তখন প্রমাণ করতে হতে পারে যে ওই ব্যক্তি জানতেন তিনি আইন ভাঙছেন।
বিচারের আগে ২০২৩ সালের আগস্টে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা রায় দেন, ট্রাম্প তাঁর সমনের ক্ষেত্রে নির্বাহী বিশেষাধিকার প্রয়োগ করেছেন—এটি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন নাভারো। ফলে ওই দাবিকে তিনি আত্মপক্ষ সমর্থনে ব্যবহার করতে পারেননি।
সাজা ভোগের পর নাভারো ডি.সি. সার্কিটের আপিল আদালতে আপিল করেন। ওই আদালত রায় দেয়, কোনো ব্যক্তি যদি বিষয়গতভাবে ও ভুলভাবে বিশ্বাসও করেন যে তাঁর সমন না মানা বৈধ ছিল, তবু তিনি ফেডারেল আইন ভাঙেন। তিন বিচারকের প্যানেল বলে, দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী কেবল প্রেসিডেন্টই নির্বাহী বিশেষাধিকার প্রয়োগ করতে পারেন এবং ট্রাম্প নাভারোকে সেই সুরক্ষা দেননি।
আদালত আরও লেখে, নাভারো সমন দেখার আগেই নির্বাহী বিশেষাধিকারের দাবি তুলেছিলেন এবং নথি দেওয়া, জবানবন্দির জন্য হাজির হওয়া কিংবা তাঁর বিশেষাধিকারের দাবি মিটমাটে কমিটির চেষ্টায় সাড়া দেওয়া—সবই প্রত্যাখ্যান করেছিলেন।
নাভারোর আইনজীবী অভিষেক কাম্বলি যুক্তি দিয়েছেন, ডি.সি. সার্কিট আইনটির ভুল ব্যাখ্যা দিয়েছে। তিনি ১৯৩৩ সালের ‘ইউনাইটেড স্টেটস বনাম মারডক’ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে ইঙ্গিত করেন, যেখানে তদন্তকারীদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি সংবিধান দ্বারা সুরক্ষিত—এমন আন্তরিক কিন্তু ভুল বিশ্বাস ‘ইচ্ছাকৃত’ আচরণ নির্ধারণে গুরুত্ব পেয়েছিল।
কাম্বলি বলেন, ‘আইনের প্রশ্নে আমরা সঠিক বলেই পুরোপুরি বিশ্বাস করি, কারণ এই আইন তৈরির সময় কংগ্রেস ‘উইলফুল’ শব্দটি বেছে নিয়েছিল।’ তাঁর দাবি, জয় পেলে তা ‘আইনি হয়রানি ও অস্ত্র হিসেবে আইনের ব্যবহার’ কমাতে সাহায্য করবে।
কাম্বলি আরও বলেন, নির্বাহী শাখার কর্মকর্তাদের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে একটি সমঝোতা প্রক্রিয়া ছিল, যেখানে সাক্ষীর হাজির হওয়ার শর্ত নিয়ে আলোচনা হতো। তাঁর অভিযোগ, ৬ জানুয়ারির কমিটি সেই প্রক্রিয়ার অনেকটাই এড়িয়ে মানুষকে সরাসরি বিচার ও অভিযোগের মুখে পাঠিয়েছে।
আবেদনের পক্ষে মতামত (অ্যামিকাস ব্রিফ) দাখিল করা আর্টিকেল থ্রি প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি রক্ষণশীল আইনজীবী মাইক ডেভিস বলেন, ‘আইনি হয়রানি’ শেষ করতে সুপ্রিম কোর্টকে এই মামলা নিতেই হবে। তাঁর ভাষায়, ডি.সি. সার্কিটের রায় প্রতিটি কংগ্রেস সমনকে একটি ‘অপরাধের ফাঁদে’ পরিণত করেছে।
নাভারোর আবেদনের আগে সুপ্রিম কোর্ট স্টিভ ব্যাননের বিরুদ্ধের রায় বাতিল করেছিল। ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস কৌশলবিদ ব্যানন ৬ জানুয়ারির কমিটির সমন অমান্যে দুটি অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০২৪ সালে চার মাস কারাগারে ছিলেন। ২০২৬ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট ডি.সি. সার্কিটের সিদ্ধান্ত বাতিল করে বিচার বিভাগের অভিযোগ খারিজের আবেদনের পর মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য ফেরত পাঠায়।


