নড়াইলের কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা, মোটরসাইকেলে আগুন; দুজনের মৃত্যুর খবর অনিশ্চিত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত সোহেল ও শাহীন নামে দুজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লেও হাসপাতাল কিংবা পুলিশের পক্ষ থেকে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকে সেখানে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। হামলাকারীরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হয়।
এরপর গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হিসেবে খবর ছড়ানো সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাঁদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির পক্ষ থেকে এই হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


