ইউসিবির ২৫ কোটি টাকা পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে পাঁচ বছর এবং দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সব মিলিয়ে মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রুকমীলা জামান, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পাল।
এ ছাড়া আবদুল হামিদ চৌধুরী, মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ভিশন ট্রেডিং নামের একটি শেল বা ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইউসিবির ঋণনীতি লঙ্ঘন করে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে ভুয়া নথিপত্র ব্যবহার করে ঋণ গ্রহণ ও অর্থ পাচারের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর দায়ের করা মামলায় গত ১১ মার্চ সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এরপর ২৬ অক্টোবরের মধ্যে ৫৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিপুল পরিমাণ আলামত পর্যালোচনা শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।




