জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শাকিল খানকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাঁকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, শাকিল খান বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন ছাত্রদল নেতাদের বাধা দেন শাকিলের বান্ধবী ও সহপাঠীরা।
পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানা গেছে।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, মোবাইল ফোন চেক করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে শাকিলের বিরুদ্ধে। তাঁদের আরও দাবি, তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, বিভাগের ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড তাঁর মাধ্যমেই পরিচালিত হয় এবং তিনি ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করেননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসা হয়, পরে তাঁরা দেখার চেষ্টা করেন সে কে। পরে জানা যায়, সে দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁর ভাষ্যে, এটা দেখার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে ফোন দেওয়া হয় এবং পরে তাঁকে পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।




