ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল রাজশাহীর এই প্রতিষ্ঠানটিতে গিয়ে বিভিন্ন কার্যক্রম ও পুরোনো নথিপত্র যাচাই-বাছাই করে।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। দুদকের ঢাকা কার্যালয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।
অভিযানে দুদক কর্মকর্তারা টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান এবং কেনাকাটাসংক্রান্ত পুরোনো নথিপত্র ও রেকর্ডপত্র খতিয়ে দেখেন।
এসব খাতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা যাচাই করাই অভিযানের উদ্দেশ্য ছিল বলে দুদক জানিয়েছে।
দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, নথিপত্র যাচাই-বাছাই শেষ হলেই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
যাচাই শেষে এ বিষয়ে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও তিনি জানান।




