বাগমারায় ককটেল হামলার মামলায় সাংবাদিক শামীম রেজা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
রাজশাহীর বাগমারা উপজেলায় ককটেল হামলার একটি মামলায় শামীম রেজা বিদ্যুৎ (৩৬) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শামীম রেজা বিদ্যুৎ বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার মচমইল প্রতিনিধি। তাঁর বাড়ি উপজেলার মাধাইমুড়ি গ্রামে, বাবার নাম মো. সামশুদ্দিন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেছেন, শামীম রেজা বিদ্যুৎ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেস সচিব ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন বলে ওসি জানান।
ওসির ভাষ্য, অন্য একজনকে গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে শামীম রেজা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গত ২৪ জুলাই রাতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তদন্তে হামলার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তিনি জানান।
গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলেই শামীম রেজা বিদ্যুৎকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন।




