ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মানুষও বিপাকে পড়েন।




