লালমনিরহাটে প্রধানমন্ত্রী: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান
পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার আলোকে তিনি বলতে পারেন, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।
বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করত। মানুষের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিস্থিতিই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে। তিনি বলেন, আজ এ দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন যদি বাংলাদেশের সব জায়গায় থাকে, তাহলে সমাজের হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা সংগঠনটির সদস্য রয়েছেন, তাদের মধ্যে সব ধর্ম-বর্ণের মানুষই রয়েছেন। হয়তো বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা মানুষও এখানে সদস্য রয়েছেন। সবাই যদি একসঙ্গে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অবশ্যই পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। আবর্জনা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারদিকে যদি আবর্জনা থাকে, সেটি মানসিকভাবেও আমাদের অসুস্থ করে দেবে।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেভাবে মাদকাসক্ত মানুষকে কাউন্সেলিং করে মাদকের অভিশাপ থেকে বের করে আনার চেষ্টা করেছেন, যেভাবে পারিবারিক কোন্দল মিটিয়ে পরিবারগুলোকে মিলিয়ে দিয়েছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়। তিনি বলেন, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারেন যে কেন গাছ প্রয়োজন, তাহলে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। আপনারা যদি তাদের বোঝাতে পারেন যে প্রত্যেকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করবেন, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা এই এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, আজকে আমরা যদি একটি মূল্যবান গাছের চারা রোপণ করি, এই গাছটি বড় হয়ে একদিন আমাদের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।
গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনার বাড়ির আশপাশে যত বেশি বড় বড় গাছ থাকবে, বাড়ি তত ঠান্ডা থাকবে এবং প্রকৃতির বাতাস উপভোগ করা যাবে। ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা ৩০ বছর আগের কথা চিন্তা করে দেখুন। তখন গ্রামেগঞ্জে অনেক বেশি পাখি চোখে পড়ত। আজকে কি আগের মতো পাখি চোখে পড়ে? পড়ে না। কেন পড়ে না? আমরা গাছপালা কেটে ফেলেছি। পাখি দেখলে ধরে রান্না করে খাচ্ছি, কিংবা তাদের আঘাত করছি। তিনি বলেন, আমরা ছোটবেলায় অনেক প্রজাপতি দেখতাম। কিন্তু এখন প্রজাপতি দেখা যায় কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। গাছপালা, ফুল সব কেটে ফেলায় প্রজাপতি কমে যাচ্ছে।
পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে মানুষও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশটাকে রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন, আমাদের এলাকার সঙ্গে সঙ্গে দেশটাকেও রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুধু এলাকা নয়, শুধু দেশ নয়, আমরা আমাদের পৃথিবীকেও রক্ষা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।



