শুরুতেই সীমান্ত নিয়ন্ত্রণ না থাকায় যুক্তরাজ্য ‘চরম ঝুঁকিতে’ ছিল: কোভিড তদন্তের প্রতিবেদন

কোভিড-১৯ মহামারির শুরুতে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ না থাকায় যুক্তরাজ্য ‘চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়’ পড়েছিল বলে দেশটির কোভিড তদন্তের সর্বশেষ প্রতিবেদনে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
তদন্তের চেয়ার হিদার হ্যালেট প্রতিবেদনে আরও বলেছেন, দ্রুত টেস্ট অ্যান্ড ট্রেস (শনাক্ত, অনুসরণ ও আলাদা করা) ব্যবস্থা চালু করতে ব্যর্থতায় ভাইরাসটি ‘মারাত্মক গতিতে, কার্যত কোনো বাধা ছাড়াই’ সারা দেশে ছড়িয়ে পড়েছিল।
হ্যালেট বলেন, ‘যুক্তরাজ্য কোভিড-১৯ মহামারিতে ঢুকেছিল কার্যকর, দেশব্যাপী টেস্ট, ট্রেস ও আইসোলেট ব্যবস্থা চালুর জন্য অত্যন্ত অপ্রস্তুত অবস্থায়। এতে সিদ্ধান্তগ্রহণকারীরা অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তারের মাত্রা সম্পর্কে কার্যত অন্ধকারে ছিলেন।’
প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর জনস্বাস্থ্য জরুরি অবস্থা ও মহামারি প্রস্তুতির মহড়া চলায় দেশটির টেস্ট অ্যান্ড ট্রেস চালুর জন্য পুরোপুরি প্রস্তুত থাকার কথা ছিল; তার বদলে দ্রুত বদলাতে থাকা জরুরি পরিস্থিতির মধ্যে ব্যবস্থাটি ‘কার্যত শূন্য থেকে’ তৈরি করতে হয়েছে।
ইংল্যান্ডে এনএইচএসের টেস্ট অ্যান্ড ট্রেস ব্যবস্থায় ২ হাজার ৫০০ কোটি পাউন্ডের বেশি খরচ হয়েছিল, তবে হ্যালেট বলেছেন, তা এসেছিল অনেক দেরিতে এবং বিপুল খরচে।
প্রতিবেদনে শুরুর দিকের শিথিল আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণেরও সমালোচনা করা হয়েছে; বলা হয়েছে, এতে দেশটি মাসের পর মাস ঝুঁকিতে ছিল। ২০২০ সালের এপ্রিলের মধ্যে বিশ্বের ৯৩ শতাংশ দেশ ফ্লাইট স্থগিত, সীমান্ত নিয়ন্ত্রণ ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিলেও যুক্তরাজ্য সরকার শুধু চীনের উহানসহ উচ্চঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা যাত্রীদের নিজে থেকে আলাদা থাকতে বলছিল।
প্রতিবেদন অনুযায়ী, এই নীতি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উহান থেকে আসা পর্যটকদের একটি কোচকে ইংল্যান্ডে ঢুকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে যাওয়া ঠেকাতে পারেনি, এবং জুনের আগে আর কোনো বিধিনিষেধ আসেনি।
হ্যালেট বলেন, ‘২০২০ সালের প্রথম ছয় মাসে কার্যত অনিয়ন্ত্রিত আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এমন সময়ে এসেছিল, যখন যুক্তরাজ্যে গণপরীক্ষা বা ব্যাপক কন্টাক্ট ট্রেসিং ছিল না এবং স্বাস্থ্য সম্পদ ছিল প্রচণ্ড চাপে। সার্বিকভাবে, যুক্তরাজ্য দ্রুত বাড়তে থাকা সংক্রমণের মুখোমুখি হওয়ার জন্য অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল।’
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি—যখন যুক্তরাজ্যে নিশ্চিত কোভিড আক্রান্ত ছিলেন মাত্র নয়জন—ভ্রমণ নিষেধাজ্ঞা আনার আদর্শ সময় ছিল, কারণ তখন দেশের ভেতরে সংক্রমণ কম থাকলেও অন্যত্র হার বেশি ছিল।
টেস্ট, ট্রেস ও আইসোলেট নিয়ে ২৪০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি কোভিড তদন্তের প্রকাশিতব্য ১০টি প্রতিবেদনের মধ্যে সপ্তম। ব্যয় ২০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাওয়ায় এটি এখন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সরকারি তদন্ত। প্রতিবেদনটি মে মাসে প্রকাশ্য শুনানিতে ৪১ জন সাক্ষীর মৌখিক সাক্ষ্য, ২০০টি লিখিত বিবৃতি ও ২৩ হাজারের বেশি নথির ভিত্তিতে তৈরি।
আগের প্রতিবেদনগুলোতে হ্যালেট সিদ্ধান্ত দিয়েছিলেন, সরকারি ব্যর্থতায় কোভিড কেয়ার হোমের অসহায় ও বয়স্কদের মধ্যে ‘দাবানলের মতো’ ছড়িয়েছিল এবং এক সপ্তাহ আগে লকডাউন দিলে ২০ হাজারের বেশি প্রাণ বাঁচানো যেত।
এবারের প্রতিবেদনে তাঁর সুপারিশের মধ্যে রয়েছে যুক্তরাজ্যজুড়ে একটি ডিজিটাল কন্টাক্ট-ট্রেসিং টুল তৈরি, বড় পরিসরে ম্যানুয়াল কন্টাক্ট ট্রেসিং চালুর পরিকল্পনা এবং মানুষকে নিজে থেকে আলাদা থাকতে আর্থিক সহায়তা দেওয়া। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল জিনোমিকসের অধ্যাপক অ্যালান ম্যাকন্যালি তদন্তকে বলেছেন, অদূর ভবিষ্যতে আরেকটি মহামারি এলে ‘পরীক্ষা পৌঁছে দেওয়ার দিক থেকে আমরা ঠিক ২০২০ সালের শুরুর অবস্থাতেই থাকব’। হ্যালেট বলেছেন, পরবর্তী প্রাণঘাতী ভাইরাসের ক্ষেত্রে আরও ভালো টেস্ট, ট্রেস ও আইসোলেট ব্যবস্থা ‘প্রাণ বাঁচানো ও দুর্ভোগ কমানোর জন্য মৌলিক’ হবে।


