আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টায় দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার, ‘প্রকাশ্য আগ্রাসন’-এর অভিযোগ
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে সোমালিয়া। একই সঙ্গে আবুধাবি থেকে নিজের দূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার এই পদক্ষেপের ঘোষণা দিয়ে সোমালিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, আমিরাত সোমালিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, যা ‘প্রকাশ্য আগ্রাসন’-এর শামিল। তাঁদের ভাষায়, আমিরাত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় সম্প্রচারিত বক্তব্যে তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ বলেছেন, ‘সোমালিয়ার বিরুদ্ধে আগ্রাসনে আমিরাতের সঙ্গে যে-ই সহযোগিতা করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি সব সোমালিকে দেশ রক্ষায় এবং আমিরাতের এই ‘প্রকাশ্য আগ্রাসন’-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন; তাঁর ভাষায়, এই আগ্রাসন সোমালিদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূমি ও ঐক্যের বিরুদ্ধে।
তবে বহিষ্কারের সিদ্ধান্ত ঠিক কী ঘটনার জেরে নেওয়া হলো, সে বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেননি মোহামুদ। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ অভিযোগ করেছিলেন, ফেডারেল সরকারের বিরোধিতা করতে আঞ্চলিক সোমালি সরকারগুলোকে অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে আমিরাত। সোমালিয়া জাতীয় সংবাদ সংস্থার ভাষ্য অনুযায়ী, তিনি বলেছেন, ফেডারেল সরকারকে পাশ কাটিয়ে আঞ্চলিক প্রশাসনগুলোর সঙ্গে বেরবেরা, বোসাসো ও কিসমায়ো বন্দরসংক্রান্ত চুক্তি সই করেছে আবুধাবি।
প্রেসিডেন্ট আরও বলেছেন, সোমালিয়ার সেনাবাহিনী যখন আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে, তখন জাতীয় কমান্ডের বাইরে সামরিক ঘাঁটি ও বাহিনী গড়তে সহায়তা করেছে আমিরাত এবং দেশের ভেতরে বিরোধ উসকে দেওয়া রাজনৈতিক ও আর্থিক সমর্থন দিয়েছে।
আমিরাত অতীতে সোমালিয়ার সামরিক বাহিনীর অর্থায়ন ও প্রশিক্ষণে সহায়তা করেছে এবং দেশটির বন্দরসহ বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে সমর্থন দিয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আবুধাবি।
চলতি বছরের শুরুর দিকে আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিলের পর এটিই আবুধাবির বিরুদ্ধে মোগাদিশুর সবচেয়ে কঠোর পদক্ষেপ। জানুয়ারিতে সোমালিয়া বন্দর চুক্তি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করে, যুক্তি দেয়, এসব ‘ক্ষতিকর কর্মকাণ্ড’ দেশের ঐক্য ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে।
জ্যেষ্ঠ সোমালি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শত শত সোমালি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে আমিরাত এবং রাজধানী ও এর আশপাশে থাকা প্রায় ৩ হাজার ৪০০ সোমালি সামরিক পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যের বেতন ও লজিস্টিক সহায়তা এখনো দিয়ে যাচ্ছে দেশটি।



