প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করার উদ্যোগ, দৃশ্যমান স্থানে বসবে ‘ধূমপান নিষেধ’ সাইনেজ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনায় শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, এ লক্ষ্যে অফিসের দৃশ্যমান স্থানে ‘ধূমপান নিষেধ’ সাইনেজ স্থাপন করা হবে এবং তামাকমুক্ত পরিবেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে ‘পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ কার্যালয়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
শাহীনা ফেরদৌসী বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী জনস্বাস্থ্য সুরক্ষায় অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে তামাকমুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে। এ জন্য অফিসের দৃশ্যমান স্থানে ধূমপান নিষেধসংক্রান্ত সাইনেজ স্থাপন করা হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থল শতভাগ ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। এতে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবেন, পাশাপাশি ধূমপায়ীদের তামাক ছাড়ার প্রবণতাও বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ অসংক্রামক রোগ। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ তামাক ব্যবহার। ধূমপান ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হয় এবং সময়ের সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমতে থাকে। তাই ধূমপায়ীদের তামাক ছাড়তে উৎসাহিত করার পাশাপাশি অধূমপায়ীদের পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষা দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরোক্ষ ধূমপানের কোনো নিরাপদ মাত্রা নেই। ধূমপায়ীর ত্যাগ করা বিষাক্ত ধোঁয়া আশপাশের মানুষের শরীরেও প্রবেশ করে। এতে হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। শিশু, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে থাকেন।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) ২০১৭-এর তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কর্মক্ষেত্র, জনসমাগমস্থল ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন। কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্কদের ৪২ দশমিক ৭ শতাংশ পরোক্ষ ধূমপানের শিকার হন, যা প্রায় ৮১ লাখ মানুষের সমান।
সভায় বলা হয়, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ জনসমাগমস্থল ও সরকারি কার্যালয়ে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি করেছে। তবে আইন কার্যকর করতে দ্রুত বিধিমালা প্রণয়ন প্রয়োজন। বিধিমালা হলে সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগমস্থলে আইন বাস্তবায়নের দায়িত্ব ও করণীয় আরও স্পষ্ট হবে।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় ও স্থাপনাকে শতভাগ তামাকমুক্ত রাখা, নির্ধারিত ধূমপানের স্থান না রাখা, অফিস প্রাঙ্গণে তামাকজাত দ্রব্যের কেনাবেচা বন্ধ এবং উদ্যোগ বাস্তবায়নে মনিটরিং টিম গঠনের সুপারিশ করা হয়।
এ ছাড়া তামাক কোম্পানির সঙ্গে কোনো ধরনের অংশীদারত্ব বা পৃষ্ঠপোষকতা গ্রহণ না করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনের ৫(৩) ধারা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) ৫.৩ অনুচ্ছেদ অনুসরণের সুপারিশ করা হয়।
সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


