তথ্য না দেওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা তথ্য কমিশনের

তথ্য কমিশনের নির্দেশনার পরও তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। তিনি একই সঙ্গে কলেজের তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য কমিশনে অভিযোগের শুনানি করে এই জরিমানা করেন। তথ্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক অভিযোগকারী ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইনে অধ্যক্ষ বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন।
আবেদনে তিনি কলেজের পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিওসংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি চেয়েছিলেন।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে অভিযোগকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। সেখান থেকেও প্রতিকার না পেয়ে তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন বিমলাংশু রায়কে তথ্য অধিকার আইন অনুযায়ী সব তথ্য সরবরাহের নির্দেশ দেয়। সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল।
কিন্তু কমিশনের নির্দেশনার পরও তথ্য সরবরাহ করা হয়নি জানিয়ে অভিযোগকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের শুনানি শেষে বৃহস্পতিবার জরিমানার এই আদেশ দেওয়া হলো।



