সাটুরিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, সাত দিনেও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ
মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রাথমিক তদন্তের পরও উপজেলা শিক্ষা অফিস থেকে ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৯ নভেম্বর এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি শ্রেণিকক্ষে ছাত্রীকে একা পেয়ে শিক্ষক মুহাম্মদ শাহ আলম তাকে যৌন নিপীড়ন করেন এবং নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়েছে। ছাত্রী চিৎকার করতে গেলে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার দিনই ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাথমিক তদন্ত শেষে ১১ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকারকে লিখিতভাবে বিষয়টি জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, তদন্তকালে ওই ছাত্রী ছাড়াও কয়েকজন ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ করেছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক এর আগেও একই ধরনের আচরণের চেষ্টা করেছেন এবং কয়েকজন ছাত্রী তাঁর আচরণ নিয়ে আপত্তি জানিয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, অভিযোগ দেওয়ার সাত দিন পরও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মুহাম্মদ শাহ আলম। তাঁর দাবি, ওই ছাত্রীর ভাইকে শাসন করায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, ‘সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন বেগমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জনবলসংকটের কারণে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’



