মুখস্থ নয়, বুঝে পড়ুন: পড়া দীর্ঘদিন মনে রাখার ১৭টি কৌশল

পড়া বিষয় মনে না থাকা শিক্ষার্থীদের একটি সাধারণ সমস্যা। পড়া মনে না থাকলে অস্বস্তিতে পড়তে হয় এবং একই বিষয় বারবার পড়তে হয়। পরীক্ষায় ভালো ফল করতে শুধু পড়লেই হয় না, পড়ার সঙ্গে বুদ্ধিমত্তাও প্রয়োগ করতে হয়, তাহলেই পড়া মনে রাখা সহজ হয়।
কোনো বিষয় মুখস্থ করা সহজ হলেও তা দীর্ঘদিন মনে রাখা কঠিন। তাই শুধু মুখস্থ করার ওপর নির্ভর না করে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। বুঝে পড়লে তা মনে রাখা সহজ হয়। শিক্ষার্থীদের জন্য পড়া মনে রাখার কয়েকটি কার্যকর কৌশল তুলে ধরা হয়েছে, যেগুলো অনুসরণ করলে পড়া মনে রাখা সহজ হবে এবং পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জনেও সহায়ক হবে।
প্রথম কৌশল হলো নিয়মিত অনুশীলন। পঠিত বিষয় বারবার চর্চা করতে হবে। মনে আছে ভেবে কোনো বিষয় অবহেলা করা যাবে না। দ্বিতীয় কৌশল, শব্দ করে পড়া। শুধু মনে মনে পড়ার পরিবর্তে সম্ভব হলে শব্দ করে পড়লে মনোযোগ ধরে রাখতে সুবিধা হয়।
তৃতীয় কৌশল হলো আলোচনা ও পর্যালোচনা। পঠিত বিষয় নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করলে নিজের বোঝাপড়া আরও পরিষ্কার ও সুদৃঢ় হয়। চতুর্থ কৌশল, পড়ার পরিধি বাড়ানো। অল্পস্বল্প পড়ে থেমে গেলে চলবে না; জানার আগ্রহ নিয়ে বেশি পড়লে জ্ঞানের পরিধি বাড়ে।
পঞ্চম কৌশল, বুঝে পড়া। না বুঝে কোনো বিষয় মুখস্থ করা উচিত নয়। প্রথমে বিষয়টির মূল ধারণা ও ধারাবাহিকতা বুঝে নিতে হবে। ষষ্ঠ কৌশল হলো মিল খুঁজে বের করা। পড়ার বিষয়ের সঙ্গে পরিচিত বা সাদৃশ্যপূর্ণ অন্য বিষয়ের মিল খুঁজে বের করলে নতুন তথ্য মনে রাখা সহজ হয়।
সপ্তম কৌশল, ছোট ছোট ভাগে পড়া। কোনো অধ্যায়ে তথ্যের আধিক্য থাকলে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন সময়ে পড়তে হবে। অষ্টম কৌশল, আগ্রহ নিয়ে পড়া। যেসব বিষয় ভালো লাগে, সেগুলো বারবার পড়তে হবে, কারণ আগ্রহ নিয়ে পড়লে শেখা সহজ হয়।
নবম কৌশল, কল্পনা করে পড়া। পঠিত বিষয়টি মনে মনে কল্পনা করতে হবে। বিশেষ করে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের বিষয়গুলো ছবি বা দৃশ্যের মতো কল্পনা করলে মনে রাখা সহজ হয়। দশম কৌশল, বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে পড়া। পড়ার বিষয়ের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক ও বাস্তব উদাহরণ মিলিয়ে পড়লে বিষয়টি দীর্ঘদিন মনে থাকে।
একাদশ কৌশল, উপযুক্ত পরিবেশে পড়া। নিজের সুবিধামতো পরিবেশ ও অবস্থানে বসে পড়তে হবে। পড়ার জায়গায় অতিরিক্ত শব্দ বা মনোযোগে ব্যাঘাত ঘটায়, এমন কিছু থাকা উচিত নয়। দ্বাদশ কৌশল, মাঝেমধ্যে বিরতি নেওয়া। একনাগাড়ে অনেকক্ষণ পড়া ঠিক নয়; পড়ার ফাঁকে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা বিশ্রাম নিয়ে আবার পড়তে বসতে হবে।
ত্রয়োদশ কৌশল, নিজের ভাষায় মনে করার চেষ্টা। পড়া শেষ করে বই বন্ধ রেখে নিজের ভাষায় বিষয়টি মনে করার চেষ্টা করলে কোন অংশ মনে আছে আর কোন অংশ আবার পড়া প্রয়োজন, তা বোঝা যায়। চতুর্দশ কৌশল, গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখা। নিজের হাতে লিখে রাখলে এবং ছোট নোট, ছক বা তালিকা তৈরি করলে পরবর্তী সময়ে দ্রুত বিষয়গুলো ঝালিয়ে নেওয়া যায়।
পঞ্চদশ কৌশল, নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি। পড়ার পর নির্দিষ্ট বিরতিতে বিষয়টি আবার ঝালিয়ে নিতে হবে, কারণ একবার পড়ে দীর্ঘদিন ফেলে রাখলে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। ষোড়শ কৌশল, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা। স্মৃতিশক্তি ধরে রাখতে পর্যাপ্ত ঘুম জরুরি; রাত জেগে পড়ার চেয়ে নিয়মিত পড়াশোনা ও পর্যাপ্ত ঘুম বেশি সহায়ক।
সপ্তদশ কৌশল, পড়ার প্রতি আগ্রহ তৈরি করা। কেন পড়ছেন, কী শিখছেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কী কাজে লাগবে, তা বুঝলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে। সবশেষে মনে রাখতে হবে, পড়াশোনার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং শেখা বিষয়কে নিজের জ্ঞানের অংশ করে তোলা। বুঝে পড়া, নিয়মিত অনুশীলন ও সময়মতো পুনরাবৃত্তিই পড়া দীর্ঘদিন মনে রাখার অন্যতম চাবিকাঠি।




