লন্ডনে এপিপিজির সঙ্গে বৈঠক চীফ হুইপের, সংসদীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) এই বৈঠক হয়।
চীফ হুইপের নেতৃত্বে ৯ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্সের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব (পিএমকিউ) প্রত্যক্ষ করে।
এর আগে হাউস অব কমন্সের সদস্য শ্যারন হজসন এমপির পরিচালনায় অনুষ্ঠিত একটি বিশেষ অধিবেশনে প্রতিনিধিদলকে যুক্তরাজ্যের সংসদীয় কার্যপ্রণালি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত করা হয়।
পরে চীফ হুইপ বাংলাদেশবিষয়ক এপিপিজির চেয়ার ও হাউস অব কমন্সের সদস্য আপসানা বেগম এমপির সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নাজ শাহ, শকাত আদম, বেল রিবেইরো-অ্যাডি, আইয়ুব খান, লুইস অ্যাটকিনসন ও মার্গারেট মুলেন এবং লর্ড হোসেন ও ব্যারোনেস মানজিলা উদ্দিনসহ এপিপিজির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্কের বিদ্যমান অবস্থা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সংসদীয় কার্যক্রমের মান বাড়ানো, সংসদীয় চর্চার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে এপিপিজির চেয়ার আপসানা বেগম এমপির হাতে একটি বিশেষ স্মারক উপহার তুলে দেন।
এই বৈঠক বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


