৩২ বছর আগে দুই ছেলেকে ডুবিয়ে হত্যা: দ্বিতীয়বার প্যারোল চাইছেন সাউথ ক্যারোলাইনার সুসান স্মিথ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক নারী ৩২ বছর আগে তাঁর দুই ছেলেকে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেছিলেন। তিনি দ্বিতীয়বারের মতো প্যারোলে মুক্তি চাইছেন।
সুসান স্মিথের বয়স এখন ৫৫ বছর। ১৯৯৪ সালে তাঁর দুই ছেলেকে গাড়ির আসনে বেঁধে গাড়িটি একটি হ্রদে গড়িয়ে দিয়ে হত্যার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।
২০২৪ সালে প্রথম প্যারোল শুনানিতে স্মিথ সাত সদস্যের প্যারোল বোর্ডের কাছে হত্যার জন্য ক্ষমা চান এবং মুক্তি চান। বোর্ড সর্বসম্মতভাবে তাঁর আবেদন প্রত্যাখ্যান করে।
দুই ছেলের বাবা তাঁর মুক্তির বিরোধিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
স্মিথের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, অপরাধের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনা বোর্ড অব প্রোবেশন, প্যারোল অ্যান্ড পারডন সার্ভিসেসের সামনে হাজির হচ্ছেন। তিনি প্রতি দুই বছর পরপর প্যারোলের আবেদন করতে পারেন।
২০২৪ সালে স্মিথ বলেছিলেন, ‘আমি জানি, আমি যা করেছি তা ভয়ংকর ছিল। আর তা বদলাতে পারলে আমি যেকোনো কিছু দিতে পারতাম।’
গত শুনানিতে তাঁর সন্তানদের বাবা এবং কৌঁসুলিও বোর্ডের কাছে বক্তব্য দিয়ে তাঁকে কারাগারে রাখার আবেদন জানান।
ছেলেদের বাবা ডেভিড স্মিথ বোর্ডকে বলেন, ৩০ বছর কারাগারে থাকা সুসানের জন্য যথেষ্ট কঠোর শাস্তি নয়। তিনি বলেন, ‘এটা প্রতি সন্তানের জন্য মাত্র ১৫ বছর, তাঁর নিজের সন্তান। এটা যথেষ্ট নয়।’
বিচারের সময় কৌঁসুলিরা যুক্তি দিয়েছিলেন, যে পুরুষের সঙ্গে সুসানের সম্পর্ক ছিল, তিনি তাঁকে বলেছিলেন যে তাঁর ছেলেরাই তাঁদের ভবিষ্যৎ একসঙ্গে না হওয়ার কারণ—এরপর সুসান তিন বছর বয়সী মাইকেল ও এক বছর বয়সী অ্যালেক্সকে হত্যা করেন।
সুসান প্রথমে বলেছিলেন, গভীর রাতে তাঁকে গাড়িছিনতাই করা হয়েছে এবং এক ব্যক্তি তাঁর গাড়ি নিয়ে পালিয়েছে। তিনি প্রকাশ্যে তাঁর ছেলেদের নিরাপদে ফেরত পাওয়ার আবেদন জানাচ্ছিলেন, অথচ ছেলেরা তখন কাছের একটি হ্রদের তলায় ছিল।
প্রতিরক্ষা আইনজীবীরা বলেছিলেন, সুসান তাঁর সন্তানদের সঙ্গে মরতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে গাড়ি থেকে বের হয়ে আসেন।
সুসান হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। তবে সে সময়ের সাউথ ক্যারোলাইনা আইন অনুযায়ী, ৩০ বছর কারাদণ্ড ভোগের পর তিনি প্রতি দুই বছর পরপর প্যারোল শুনানির যোগ্য হন। মুক্তি পেতে হলে উপস্থিত বোর্ড সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোট তাঁর পক্ষে লাগবে।




