গাড়ির ধাক্কায় আহত হওয়ার কয়েক দিন পর হাসপাতালে মারা গেলেন অভিনেতা ল্যারি পয়েনডেক্সটার

মার্কিন অভিনেতা ল্যারি পয়েনডেক্সটার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার সকালে একটি হাসপাতালে তিনি হঠাৎ মারা যান।
গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন পয়েনডেক্সটার। খাবার কিনতে যাওয়ার পথে নিজের স্টুডিও সিটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। সেই ভাঙা পাঁজর সারাতে অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগেই বুধবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ডেডলাইন প্রথম এই খবর প্রকাশ করে।
তাঁর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।
পয়েনডেক্সটারের স্ত্রী ক্যারল ক্রিটজার এবং তাঁদের যমজ ছেলে রিস ও জেক বেঁচে আছেন।
১৯৫৯ সালে ডালাসে জন্ম নেন পয়েনডেক্সটার। তাঁর বাবা এইচ আর পয়েনডেক্সটার ছিলেন টনি পুরস্কারজয়ী আলো ও মঞ্চ নকশাকার, মা সু অ্যান এরডম্যান ছিলেন অপেরা গায়িকা।
টেক্সাস ও ওহাইওতে কলেজ মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু হয়। পরে তিনি লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে প্রযোজক ফ্র্যাংকলিন আর লেভির ক্যাটালিনা প্রোডাকশন গ্রুপে অভিনেতা ও প্রযোজনা সমন্বয়ক হিসেবে কাজ করেন।
১৯৮২ সালে ‘আ নিউ ডে ইন ইডেন’ ধারাবাহিকে তাঁর প্রথম টেলিভিশন অভিনয়। এরপর ‘হ্যাপি ডেজ’ ও ‘চিপস’ ধারাবাহিকে অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি।
৪০ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ২০০টি চলচ্চিত্র ও টেলিভিশন কাজে অভিনয় করেছেন পয়েনডেক্সটার। ১৯৮৪ সালে ‘ডেজ অব আওয়ার লাইভস’ ধারাবাহিকে বেন ওয়েলচ চরিত্রে অভিনয় করে তিনি প্রথম বড় পরিচিতি পান। তিন দশক পর ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত একই ধারাবাহিকে ফাদার লুই চরিত্রে ফিরে আসেন তিনি।
‘সান্তা বারবারা’ ধারাবাহিকে ২৩ পর্ব এবং ‘জেনারেল হসপিটাল’ ধারাবাহিকে ১২ পর্ব অভিনয় করেছেন তিনি। সিবিএসের ‘জ্যাগ’ ধারাবাহিকে ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নিয়মিত চরিত্রে ছিলেন তিনি।
চলচ্চিত্রে দর্শক তাঁকে চেনেন ২০০৩ সালের ‘সোয়াট’ ছবিতে নিয়মনিষ্ঠ এলএপিডি ক্যাপ্টেন টমাস ফুলার চরিত্রে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন স্যামুয়েল এল জ্যাকসন ও কলিন ফ্যারেল। এমটিভির ‘দ্য হার্ড টাইমস অব আরজে বার্জার’ ধারাবাহিকে ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত রিক বার্জার চরিত্রে অভিনয় করেন তিনি।
এ ছাড়া ‘ফ্রেন্ডস’, ‘কোয়ান্টাম লিপ’, ‘এনওয়াইপিডি ব্লু’, ‘সিএসআই’, ‘এনসিআইএস’, ‘সুপারন্যাচারাল’, ‘উইডস’, ‘স্ক্যান্ডাল’, ‘কার্ব ইয়োর এনথুসিয়াজম’, ‘স্টেশন ১৯’, ‘৯-১-১’, ‘দ্য রুকি’সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। চলতি বছর ‘দ্য লিংকন লইয়ার’ ধারাবাহিকের চতুর্থ মৌসুমেও তাঁকে দেখা গেছে।
‘রিফার ম্যাডনেস’ নাটকে অভিনয়ের জন্য লস অ্যাঞ্জেলেস ওভেশন পুরস্কার পেয়েছিলেন পয়েনডেক্সটার। ব্রডওয়ের ‘দ্য শের শো’ নাটকের নির্বাহী প্রযোজকও ছিলেন তিনি; নাটকটি ২০১৯ সালে দুটি টনি পুরস্কার জেতে।
অভিনয়ের বাইরে সংগীতেও যুক্ত ছিলেন পয়েনডেক্সটার। অল্টারনেটিভ কান্ট্রি ব্যান্ড ‘দ্য হাই লোনসাম’-এর প্রধান গায়ক ছিলেন তিনি; ১৯৯৫ সালে ব্যান্ডটির অ্যালবাম ‘ফিল ফ্রি টু ডু সো’ প্রকাশিত হয়।
সহশিল্পী পল আইকোনো ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিখেছেন, ‘আরজে বার্জার’ ধারাবাহিকে পয়েনডেক্সটার ছিলেন তাঁর পর্দার বাবা। আইকোনো লিখেছেন, কুড়ির কোঠায় থাকাকালে পয়েনডেক্সটার নানাভাবে তাঁর পাশে ছিলেন এবং ভালো মানুষ ও ভালো সহশিল্পী হওয়া যে ভালো অভিনেতা হওয়ার মতোই গুরুত্বপূর্ণ, তা তিনি শিখিয়েছিলেন।




