কেনিয়ায় ৬ হাজার কোটি ডলারের খনি প্রকল্প পেল মার্কিন কনসোর্টিয়াম, পেছনে ফেলল চীনা প্রতিদ্বন্দ্বীদের

কেনিয়ার মরিমা হিল খনি প্রকল্প উন্নয়নের দরপত্র জিতেছে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ফ্রন্টিয়ার মিনারেলস। চীন ও অস্ট্রেলিয়ার কোম্পানিসহ সাতজন দরদাতাকে পেছনে ফেলে তারা এ কাজ পেয়েছে।
এই স্থানে ৬ হাজার কোটি ডলারের (৪ হাজার ৫০০ কোটি পাউন্ড) বেশি মূল্যের গুরুত্বপূর্ণ খনিজের মজুদ আছে বলে ধারণা করা হয়। এর মধ্যে রয়েছে নিওবিয়াম, যা বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যবহৃত হয়।
ফ্রন্টিয়ার মিনারেলস বলেছে, তাদের প্রস্তাবের লক্ষ্য হলো দেশের ভেতরেই খনিজ প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধনের মাধ্যমে অর্থনৈতিক সুবিধার বেশি অংশ কেনিয়াতেই রাখা।
ওয়াশিংটন যখন আফ্রিকার খনিজে আরও প্রবেশাধিকার চাইছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন এই চুক্তি এল।
ফ্রন্টিয়ার মিনারেলস তিনটি মার্কিন কোম্পানিকে একত্র করেছে—বাংকার হিল মাইনিং কর্প, আমেরিকান রিসোর্সেস কর্পোরেশন এবং রিএলিমেন্ট টেকনোলজিস কর্পোরেশন। কনসোর্টিয়ামটি খনিজ সম্পদ উন্নয়ন, গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহ শৃঙ্খল এবং উন্নত পরিশোধন প্রযুক্তিতে দক্ষতা একত্র করেছে।
তাদের প্রস্তাবের কেন্দ্রীয় অংশ হলো কেনিয়ায় খনিজ প্রক্রিয়াজাতকরণ ও পরিশোধন সক্ষমতা গড়ে তোলা। ফ্রন্টিয়ার মিনারেলসের ব্র্যাড মারনেট বলেছেন, কোম্পানিটি চায় দেশটি তার খনিজ সম্পদ থেকে আরও বেশি মূল্য পাক।
মরিমা হিল কেনিয়ার ভারত মহাসাগর উপকূলের কাছে কোয়ালে কাউন্টিতে অবস্থিত। স্থানটি প্রায় ৩৯০ একর বনজুড়ে বিস্তৃত।
এলাকায় খনন কাজের সম্ভাবনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, প্রকল্পটি বন ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তাদের পৈতৃক ঐতিহ্য হুমকিতে ফেলতে পারে। স্থানটির কাছাকাছি বসবাসকারী সম্প্রদায়গুলো এই বিনিয়োগ থেকে উপকৃত হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
মারনেট কেনিয়ানদের আশ্বস্ত করতে চেয়েছেন যে তারা উপকৃত হবেন। তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি ও লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে কেনিয়ার শ্রমিক, ব্যবসা ও বৃহত্তর অর্থনীতির জন্য স্থায়ী সুযোগ তৈরি করা এবং একই সঙ্গে পরিবেশ ব্যবস্থাপনা ও কর্মদক্ষতাকে অগ্রাধিকার দেওয়াই তাদের উদ্দেশ্য।
প্রকল্প এগিয়ে নেওয়ার আগে কনসোর্টিয়ামটিকে এখনো অনুসন্ধান লাইসেন্স পেতে হবে এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।
দরপত্রের সিদ্ধান্ত নিয়ে প্রতিদ্বন্দ্বী দরদাতাদের আপত্তি উঠেছে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দুটি প্রতিদ্বন্দ্বী কোম্পানি এই নির্বাচনকে চ্যালেঞ্জ করতে চায়; অস্ট্রেলিয়ার রেয়ারএক্সের অভিযোগ, ফ্রন্টিয়ার মিনারেলস আগের একটি জমা দেওয়ার সময়সীমা মিস করেছিল। কেনিয়ার সরকার বলেছে, প্রক্রিয়াটি উন্মুক্ত ও স্বচ্ছ ছিল।
প্রকল্পটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজের বিকল্প উৎস নিশ্চিত করতে এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। চীন কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের প্রক্রিয়াজাতকরণে আধিপত্য ধরে রেখেছে। ওয়াশিংটন কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জাম্বিয়াসহ খনিজসমৃদ্ধ আফ্রিকান দেশগুলোর সঙ্গে অংশীদারত্ব অনুসরণ করছে।
কেনিয়ার খনি মন্ত্রণালয় বলেছে, পর্যটন, কৃষি ও আর্থিক সেবার মতো ঐতিহ্যবাহী রাজস্ব উৎসের বাইরে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পরিকল্পনায় এই খাত গুরুত্বপূর্ণ অংশ।




