লিবিয়া থেকে ক্রিটমুখী নৌকা বাড়ছে, ১০ মাসে পৌঁছেছেন প্রায় ২৪ হাজার অভিবাসী

ইউরোপীয় ইউনিয়নে ঢোকার কয়েকটি পথে অনিয়মিত অভিবাসন কমলেও গ্রিসের ক্রিট দ্বীপে চিত্র উল্টো। পর্যটন ও সৈকতের জন্য পরিচিত এই দ্বীপে উত্তর আফ্রিকা ও এশিয়া থেকে আসা মানুষের সংখ্যা দ্রুত বেড়েছে।
২০২৬ সালের প্রথম ১০ মাসে প্রায় ২৪ হাজার অভিবাসী ক্রিটে পৌঁছেছেন। ২০২৫ সালজুড়ে এই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার।
বেশিরভাগ নৌকা ছাড়ে পূর্ব লিবিয়া থেকে। শত শত কিলোমিটার খোলা সাগর পাড়ি দিয়ে নৌকাগুলো ক্রিটের দক্ষিণের ছোট দ্বীপ গাভদোস অথবা ক্রিটের দক্ষিণ উপকূলের দিকে যায়।
টহল, নজরদারি বিমান ও আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তি বাড়ানো হলেও পারাপার থামেনি। ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রনটেক্সের একটি টহলে যোগ দিয়ে ইউরোনিউজ সাগরে ক্রুদের সঙ্গে সময় কাটিয়েছে এবং আকাশ নজরদারি সমন্বয়কারী স্থাপনাগুলো ঘুরে দেখেছে।
প্রতিবেদন তৈরির সময় একটি ঘটনায় এই পথের বিপদ স্পষ্ট হয়েছে। ৪ নভেম্বর বিকেলে ক্রিটের দক্ষিণ উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ক্রিসি দ্বীপে একা এক অভিবাসীকে পাওয়া যায়। তিনি আরও ৬০ জনের সঙ্গে যাত্রা করেছিলেন বলে জানালে বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
হেরাক্লিয়নে স্থানীয় উপকূলরক্ষী কর্মকর্তারা ইউরোনিউজকে জানিয়েছেন, মাত্র ৪৮ ঘণ্টায় তাদের দায়িত্বের এলাকায় প্রায় ৪০০ অভিবাসী নিয়ে ১৩টি নৌকা পৌঁছেছে। একই সময়ে প্রায় ২০ অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
গ্রিসে ফ্রনটেক্সের সবচেয়ে বড় কার্যক্রম চলছে। সংস্থাটি গ্রিক কর্তৃপক্ষকে কারিগরি সরঞ্জাম, নজরদারি সক্ষমতা এবং ইউরোপীয় ইউনিয়নে থাকার আইনি অধিকার নেই এমন অভিবাসীদের ফেরত পাঠানোর কাজে সহায়তা দেয়। সব কার্যক্রম গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় চলে এবং অভিযানের নেতৃত্ব থাকে গ্রিক কর্তৃপক্ষের হাতেই।
শুধু ক্রিট ও গাভদোস এলাকাতেই গ্রিক কর্তৃপক্ষকে সহায়তায় ৪০ জনের বেশি কর্মকর্তা, তিনটি বিমান, একটি মানববিহীন বিমান ও ছয়টি টহল জাহাজ মোতায়েন রয়েছে। গাভদোস ইউরোপের সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ দ্বীপ।
এর একটি লাটভিয়ার টহল জাহাজ ভালপাস, যা প্রায় ১৮ মাস ধরে ক্রিটের দক্ষিণে কাজ করছে। ভালপাসের একটি সাধারণ টহল চলে ৭২ ঘণ্টা। এর ২০ সদস্যের ক্রুর কাছে জাহাজটি কর্মস্থল ও সাময়িক বাড়ি দুটোই।
জাহাজের ক্যাপ্টেন ওজার্স তিন সন্তানের বাবা, প্রতিদিন সন্ধ্যায় সন্তানদের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, উদ্ধার অভিযান অভিবাসী ও ক্রু উভয়ের জন্যই অত্যন্ত কঠিন ও বিপজ্জনক হতে পারে। একবার রাতে অভিযানের সময় সবাই একসঙ্গে দাঁড়িয়ে যাওয়ায় নৌকা উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল এবং দুজন পানিতে পড়ে গিয়েছিলেন; লাইফবয়া ছুড়ে ও বড় দলটিকে আগে নিরাপদ করে তাদের উদ্ধার করা হয়।
ক্যাপ্টেন ওজার্স বলেছেন, আবহাওয়া এই অভিযান আরও কঠিন করে তোলে। ভালো আবহাওয়ায় যাত্রা শুরু করে পথে আবহাওয়া খারাপ হলে তাদের তুলে নেওয়ার পরিকল্পনা করা কঠিন ও বিপজ্জনক হয়ে ওঠে।
হেলেনিক কোস্ট গার্ডের ৭ম আঞ্চলিক কমান্ডের কমান্ডার ইওয়ান্নিস অরফানোস বলেছেন, এলাকাটি বিশাল, আবহাওয়া প্রায়ই প্রতিকূল থাকে, আর অনেক যাত্রী সাগরের সঙ্গে একেবারেই অপরিচিত, অনেকে সাঁতারও জানেন না।
আকাশ নজরদারিতে ফ্রনটেক্স ক্রিটের টিমপাকি বিমানঘাঁটি থেকে হেরন ১ ড্রোন চালায়। রাডার, উচ্চ রেজোলিউশনের ক্যামেরা ও তাপ শনাক্তকরণ প্রযুক্তির এই ড্রোন ২০ ঘণ্টার বেশি আকাশে থাকতে পারে এবং দিন-রাত লিবীয় সাগরের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করে। এর ছবি সরাসরি পিরেয়াসে হেলেনিক কোস্ট গার্ডের অপারেশন সেন্টারে ও ওয়ারশতে ফ্রনটেক্স সদর দপ্তরে পাঠানো হয়।
ফ্রনটেক্স অপারেশন সেন্টারের পর্যবেক্ষণ ও নজরদারি খাতের প্রধান এভানগেলোস দিয়ামানতিস বলেছেন, পাচারকারী চক্রের নৌকাগুলো সাগরে চলার উপযোগী নয়, ইঞ্জিনে ত্রুটি থাকে, অতিরিক্ত যাত্রী থাকে, তাই আগেভাগে শনাক্ত করতে পারলে উদ্ধারের সম্ভাবনা বাড়ে।
নতুন আসা ব্যক্তিদের সরাসরি চারটি কড়া নিয়ন্ত্রিত অস্থায়ী আবাসন কেন্দ্রে নেওয়া হয়, সেখান থেকে মূল ভূখণ্ডের গ্রিসে পাঠানোর অপেক্ষায় থাকেন তারা। টানা আগমন ঘিরে বাসিন্দা ও স্থানীয় কর্তৃপক্ষের বিরোধিতাও বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।



