অধস্তন আদালতে রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে ‘বিচারিক সহকারী’ সফটওয়্যারে, পরীক্ষামূলকভাবে চালু ২৯ আদালতে

সারা দেশের আদালতের মামলাজট কমাতে রায়, আদেশ ও সাক্ষ্য গ্রহণ হাতে লেখা বা কম্পিউটারে টাইপ করার বদলে সফটওয়্যারে লেখার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ জন্য তৈরি করা হয়েছে ‘বিচারিক সহকারী’ নামের সফটওয়্যার। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সফটওয়্যারটি তৈরি করেছে।
ইতিমধ্যে ১০ জেলার ২৯টি আদালতের বিচারকদের এই সফটওয়্যার ব্যবহারের অনুমতি দিয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা ও ময়মনসিংহ জেলার ওই ২৯টি আদালতে আপাতত পরীক্ষামূলকভাবে সফটওয়্যারটি ব্যবহার করা হবে।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক বলেন, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ অনেক দেশে আদালতে এমন সফটওয়্যারের ব্যবহার রয়েছে। বর্তমান প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিসিসি সফটওয়্যারটি তৈরি করেছে। এটি সঠিকভাবে কাজ করলে পর্যায়ক্রমে সব আদালতে ব্যবহার করা হবে। তাঁর ভাষায়, এটি কার্যকর হলে অনেক সময় বাঁচবে এবং মামলা নিষ্পত্তি বাড়বে, এতে বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
কয়েকজন বিচারক জানান, অধস্তন আদালতের বিচারকদের রায়, আদেশ ও সাক্ষ্য গ্রহণ হাতে লিখতে হতো। এখনো অনেকে হাতে লেখেন, আবার অনেকে কম্পিউটারে লেখেন। তবে হাতে লিখতে বা কম্পিউটারে টাইপ করতে অনেক সময় লাগে। ফলে সারা দেশে মামলাজট বাড়ছে। সেই জট কমাতে বিকল্প চিন্তা করে সুপ্রিম কোর্ট প্রশাসন পরীক্ষামূলকভাবে সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘বিচারিক সহকারী’ সফটওয়্যার ব্যবহার করে বিচারকেরা মৌখিক নির্দেশনার মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, আদেশ ও রায় লিখতে পারবেন। সফটওয়্যারটিতে যেকোনো ধরনের পিডিএফ বা ইমেজ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তরের সুবিধা থাকবে।
সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কারিগরি ত্রুটির সম্মুখীন হলে বা কোনো পরামর্শ থাকলে তা সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (রিসার্চ) আব্দুল্লাহ আল ইউসুফকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিচারকদের।
এই সফটওয়্যার ব্যবহারের জন্য ওই ২৯টি আদালতের বিচারকদের শিগগির ব্যবহার নির্দেশিকা, আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ২৪ নভেম্বর সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগে অনলাইন সফটওয়্যার গুগল মিট প্ল্যাটফর্ম ব্যবহার করে বিচারকেরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্য গ্রহণের সময় অনেকে কম্পিউটার ব্যবহার করেন, অনেকে এখনো হাতে লেখেন, যা সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই সফটওয়্যার ব্যবহার করে বর্তমানে মোবাইলে লেখা যাচ্ছে, এরই ধারাবাহিকতায় বিচার বিভাগের জন্য সফটওয়্যারটি আরও উন্নত করা হয়েছে। যেভাবে মামলা বাড়ছে, তার জন্য আরও বিকল্প খোঁজা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. শাহজাহান সাজু বলেন, সিদ্ধান্তটি ইতিবাচক এবং এটি কার্যকর হলে বিচারকদের অনেক কষ্ট কমে যাবে। তবে মামলাজট এতে রাতারাতি কমবে না। মামলাজট কমাতে হলে অধস্তন আদালতে অন্তত ১০ হাজার বিচারক দরকার, অন্যথায় যে হারে মামলা বাড়ছে, এই জট কখনো নিরসন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন।




