…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা নিয়ে ছুরিকাঘাতে আহত মাসুমের মৃত্যু, হত্যা মামলায় আসামি পাঁচজন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা নিয়ে ছুরিকাঘাতে আহত মাসুমের মৃত্যু, হত্যা মামলায় আসামি পাঁচজন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একে খান মোড়ে ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত মোহাম্মদ মাসুম (২৮) মারা গেছেন।

গতকাল বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাসুমের মামা মো. হাফিজুর রহমান (৫৪) বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে আকবরশাহ থানার ৩ নম্বর ঝিল এলাকার বাসিন্দা শ্রমিক নেতা মো. হাসান (৪০), গোলপাহাড় এলাকার জাকির প্রকাশ মাম জাকির (৪২), অনিক (২৩), সাইফুল (৩২) ও মো. আজমকে (৩০)।

নিহত মাসুম আকবরশাহ থানার একে খান এলাকার ফরিদারপাড়ার বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তার এক কন্যাসন্তান রয়েছে।

মামলার বাদী মো. হাফিজুর রহমান বলেন, মাসুমের এক বন্ধু ম্যাক্সিমা গাড়ি চালান। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরের একে খান মোড়ে ওয়েবিলের নামে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ওই বন্ধুর সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হলে তা মীমাংসা করতে এগিয়ে যান মাসুম। এ সময় দুজনকেই ছুরিকাঘাত করা হয়।

তলপেটে গুরুতর আহত মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বাদী জানান।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. রুহুল আমিন লাবু বলেন, চিকিৎসাধীন মাসুম গতকাল রাতে মারা যাওয়ার পর আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। নিহতের পরিবারের এজাহার অনুযায়ী ঘটনার সময় কথা-কাটাকাটির বিষয়টি জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে, তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে মূল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরের সিটি গেট থেকে জিইসি মোড় পর্যন্ত ১১ নম্বর অটোটেম্পু রুটের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সাধারণ চালকদের অভিযোগ, এ রুটে গাড়ি চালাতে হলে ওয়েবিলের নামে দৈনিক ও মাসিক হারে টাকা দিতে হয়।

আহত চালক মো. শাহাদাত হোসেন বলেন, রাতে একে খান মোড়ে যাত্রী নামানোর সময় হাসান নামের এক শ্রমিক নেতা কয়েকজনকে নিয়ে তার কাছে ওয়েবিলের ১৫০ টাকা দাবি করেন। গাড়ি চালিয়ে তখনো আয় না হওয়ায় তিনি টাকা দিতে অপারগতা জানান। কিছুক্ষণ পর হাসান, রনিসহ সাত-আটজন এসে আবারও টাকা দাবি করেন, টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়।

শাহাদাত বলেন, এ সময় হাসান ছুরি বের করে এলোপাতাড়ি ঘোরাতে থাকেন। তার বন্ধু এগিয়ে এলে তার পেটে ছুরি লাগে। তখন তার পিঠেও ছুরি দিয়ে একাধিক আঘাত করা হয়।

আহত শ্রমিক ও সাধারণ চালকদের অভিযোগ, হামলাকারীরাও পরিবহন শ্রমিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সঙ্গে যুক্ত। তাদের দাবি, সংগঠনটির আকবরশাহ থানা শাখার সভাপতি নূর ইসলামের নেতৃত্বে তার অনুসারীরা চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। নূর ইসলাম ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ইউসিবির ২৫ কোটি টাকা পাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানকে ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ ব…

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন, হাতেনাতে ধরা একজনসহ আটক ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটন…

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে চুরি যাওয়া পুলিশের টহল ভ্যান কয়েক ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি যাওয়া পুলিশের একটি টহল ভ্যান কয়েক ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রুবেল (৪০) নামে এক…

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল
আইন ও অপরাধ

চট্টগ্রামের পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, টহল পুলিশ নিভিয়ে ফেলল

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে…