ওয়াশিংটনে নিজের জমজ ভাইকে গুলি করে হত্যার অভিযোগে ১৬ বছরের কিশোর গ্রেপ্তার, জামিন ছাড়াই কারাগারে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নিজের জমজ ভাইকে গুলি করে হত্যার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইউএস মার্শালস সার্ভিস বুধবার জামারি ইয়ংকে আটক করে। মেট্রোপলিটন পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক হিসেবে সশস্ত্র অবস্থায় দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার এক বিচারক জামারি ইয়ংকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেন। তাঁর ভাই জাবরেল ইয়ংয়ের বয়সও ছিল ১৬ বছর। জাবরেল মারা যান গত ২৫ অক্টোবর, তাঁদের নিজেদের বাসার ভেতরেই।
পরিবারের সদস্যরা ফক্স ৫ ডিসিকে জানিয়েছেন, তাঁরাই জামারিকে কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছেন। সেদিন পুলিশ কর্মকর্তারা বাসায় গিয়ে জাবরেলকে অচেতন ও নিশ্বাসহীন অবস্থায় পান। বাসার ভেতরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, জাবরেল তাঁর মায়ের কোলে মারা যান।
আদালতের নথির বরাতে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, গুলির ঘটনার আগে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। ঝগড়ার কারণ ছিল, জাবরেল জামারির ঘরে ঢুকে তাঁর জিনিসপত্রে হাত দিয়েছিলেন বলে অভিযোগ।
নথি অনুযায়ী, মা যখন জাবরেলের ক্ষতস্থানে চাপ দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তখন জামারি বলেছিলেন, তিনি ইচ্ছা করে এটা করেননি, গুলি হঠাৎ ছুটে গেছে এবং তিনি দুঃখিত। গুলির পর মা ছেলেকে বাসা থেকে বেরিয়ে যেতে চিৎকার করে বলেছিলেন বলেও নথিতে উল্লেখ রয়েছে।
এলাকার নিরাপত্তা ক্যামেরায় দেখা গেছে, জামারি প্রথমে হেঁটে এবং পরে দৌড়ে এলাকা ছেড়ে যাচ্ছেন। গোয়েন্দারা মৃত্যুটিকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেন এবং জামারির খোঁজে তল্লাশি চালানো হয়।
তদন্তে বাসার ভেতর থেকে দুটি দশমিক ৪৫ ক্যালিবারের গুলির খোসা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ফক্স ৫-এর প্রতিবেদন অনুযায়ী, গুলির পর বাসার কেউ একজন কাছেই পার্ক করা একটি গাড়ির নিচে একটি কম্বল ছুড়ে ফেলেন। পুলিশ কর্মকর্তারা সেই কম্বলের ভেতরে একটি ৯ মিলিমিটার পিস্তল পান, যার সূত্র জুলাই মাসের একটি অমীমাংসিত প্রাণঘাতী গুলির ঘটনার সঙ্গে মিলেছে। কম্বলটি কে ছুড়েছিলেন, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
বাসা ছাড়ার পর জামারি কোথায় গিয়েছিলেন বা কেউ তাঁকে সহায়তা করেছিলেন কি না, তা তদন্তকারীরা প্রকাশ করেননি।
যমজদের খালা সংবাদমাধ্যমকে বলেছেন, গুলির ঘটনাটি দুর্ঘটনা ছিল। তাঁর ভাষ্য, জামারি আতঙ্কিত ছিলেন এবং ভাইকে গুলি করার কোনো ইচ্ছা তাঁর ছিল না।
বৃহস্পতিবার আদালতের শুনানির পর ছেলেদের মা ফক্স ৫-কে বলেন, তাঁর দুই ছেলে ছিল অবিচ্ছেদ্য এবং ঘটনাটি একটি দুর্ঘটনা। তিনি বলেন, তাঁর ছেলেকে দানব হিসেবে তুলে ধরা হচ্ছে এবং ঘটনাটিকে বিদ্বেষপ্রসূত বলা হচ্ছে, অথচ দুই ভাই একে অপরের সবচেয়ে কাছের বন্ধু ছিল।
মা আরও বলেন, তিনি মনে করেন আইনশৃঙ্খলা বাহিনী তাঁর পরিবারকে লক্ষ্যবস্তু করেছে। তিনি হয়রানি, অনুসরণ ও হুমকির শিকার হয়েছেন বলে দাবি করেন এবং বলেন, শোকাহত মা হিসেবে নয়, বরং সন্দেহভাজন হিসেবে তাঁর সঙ্গে আচরণ করা হয়েছে।
একটি অনলাইন তহবিল সংগ্রহ পেজে মা লিখেছেন, জামারিকে এমনভাবে তুলে ধরা হচ্ছে যা তাঁর জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তিনি বলেন, তদন্তকারীরা তাঁর সব ইলেকট্রনিক যন্ত্র নিয়ে গেছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই তহবিলে পরিবারের জন্য ১ হাজার ২০০ ডলারের বেশি সংগ্রহ হয়েছিল।




