যুক্তরাষ্ট্রে বিরোধিতা বাড়ায় এআই ডেটা সেন্টারের নতুন ঠিকানা হিসেবে উঠে আসছে কানাডা

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় বিরোধিতা বাড়তে থাকায় কানাডার শিল্পমহল সেখানে সুযোগ দেখছে। এ মাসের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা ডেটা সেন্টার সীমিত বা ঠেকানোর লক্ষ্যে আনা ৪১টি স্থানীয় ব্যালট প্রস্তাবের মধ্যে ৪০টিই পাস করেছেন।
অলাভজনক নীতি গোষ্ঠী বিল্ড কানাডার প্রধান নির্বাহী লুসি হারগ্রিভস ভোটের পরদিন এক্সে লিখেছেন, কানাডায় ডেটা সেন্টার এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণে যে মূলধন যাওয়ার কথা ছিল, তার কিছু অংশ এখন কানাডার জন্য বেশি করে পাওয়া যাচ্ছে। তাঁর প্রশ্ন, কানাডা আসলেই এই সুযোগ নিতে চায় কি না।
যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত এআই ডেটা সেন্টারের সংখ্যা কানাডার তুলনায় অনেক বেশি হলেও সাম্প্রতিক মাসগুলোতে কানাডাকে এসব হাইপারস্কেল প্রকল্পের কেন্দ্র হিসেবে তুলে ধরা হচ্ছে। সমর্থকদের যুক্তি, কানাডার প্রচুর জমি, প্রাকৃতিক গ্যাস ও ঠান্ডা আবহাওয়া যুক্তরাষ্ট্রের এআই অবকাঠামোর কয়েকটি সমস্যার সমাধান দিতে পারে — জনবসতির কাছে থাকা, শব্দদূষণ এবং বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ।
কানাডায় এখন পর্যন্ত এসব প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। অনেক প্রকল্প বড় বাধা ছাড়াই এগোচ্ছে, এবং আইনপ্রণেতারা প্রকাশ্যে সেগুলোকে স্বাগত জানিয়েছেন, বড় রাজনৈতিক প্রতিক্রিয়া ছাড়াই।
এই বিস্তারের কেন্দ্রে রয়েছে আলবার্টা প্রদেশ, যেখানে বর্তমানে প্রস্তাবিত সব স্থানের ৯০ শতাংশই গড়ে উঠতে যাচ্ছে। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশ নিজেকে এআই ডেটা সেন্টারের জন্য উত্তর আমেরিকার পছন্দের গন্তব্য হিসেবে তুলে ধরেছে, এবং বিনিয়োগকারীদের অতুলনীয় গতিতে প্রকল্প গড়তে সহায়তার জন্য কনসিয়ার্জ সেবাও দিচ্ছে।
বিনিয়োগকারীদের একজন কানাডীয় ব্যবসায়ী, টিভি ব্যক্তিত্ব ও ডোনাল্ড ট্রাম্পের মিত্র কেভিন ও'লিয়ারি। শার্ক ট্যাংকখ্যাত এই বিনিয়োগকারী এ বছর দুটি বড় এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন — একটি আলবার্টায়, আরেকটি যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে। দুটিরই নাম ওয়ান্ডার ভ্যালি, কিন্তু সীমান্তের দুই পাশে সেগুলোর অভ্যর্থনা সম্পূর্ণ ভিন্ন।
ইউটায় বাসিন্দারা তীব্র বিরোধিতা সংগঠিত করেছেন। সেই চাপে বিদায়ী অঙ্গরাজ্য সিনেটর স্টুয়ার্ট অ্যাডামস জুনে ও'লিয়ারির কাছে প্রকল্পটি ৭৫ শতাংশ ছোট করার দাবি জানান — ৪০ হাজার একর থেকে ১৩ হাজার একরে নামিয়ে আনার কথা বলেন তিনি। ইউটার ওয়ান্ডার ভ্যালির অর্থায়ন এখনো চলমান, এবং সেখানে কবে, আদৌ কাজ শুরু হবে কি না, তা স্পষ্ট নয়।
এর বিপরীতে আলবার্টার ওয়ান্ডার ভ্যালি প্রকল্পটি ৭ হাজার একর জমিতে ৭ দশমিক ৫ গিগাওয়াট ক্ষমতার, এবং এটি প্রাদেশিক সরকার ও স্থানীয় পৌরসভা — দুই পক্ষেরই জোরালো সমর্থন পেয়েছে। প্রকল্পটিকে অফ-গ্রিড বলা হচ্ছে; এটি এলাকার প্রাকৃতিক গ্যাসে চালিত নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভর করবে। এপ্রিলে আলবার্টা সরকার প্রকল্পটিকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন থেকে অব্যাহতি দেয়, তবে নির্মাণের আগে এটিকে অনুমতিপত্র নিতে হবে।
এ বছরের শুরুতে স্থানীয় টাউন হলে প্রকল্পটির বিরুদ্ধে সীমিত বিরোধিতাই দেখা গেছে। বাসিন্দা ড্যান হার্মস জুনে ব্লুমবার্গকে বলেন, তিনি ওয়ান্ডার ভ্যালির অর্থনৈতিক সুবিধা দেখছেন, এবং এটি জনবসতি থেকে দূরে নির্মিত হচ্ছে। উত্তর-পশ্চিম আলবার্টার গ্রিনভিউ পৌরসভার রিভ রায়ান রাৎজলাফ বলেছেন, প্রকল্পটি তাঁর গ্রামীণ সম্প্রদায়ের জন্য একদম উপযুক্ত; সম্পদসমৃদ্ধ একটি জমির জন্য শিল্প ভাড়াটে খোঁজা চলছিল ১৩ বছর ধরে।
কিছু বাসিন্দা অবশ্য প্রকল্পটি ঠান্ডা রাখতে বছরে যে পানি লাগবে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সেই পরিমাণ ধরা হয়েছে ৬০ লাখ ঘনমিটার, যা প্রায় ২ হাজার ৪০০টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমান। রাৎজলাফের যুক্তি, কাছের স্মোকি নদীর বার্ষিক প্রবাহের তুলনায় এই পরিমাণ সামান্য, এবং ওই নদী থেকেই কেন্দ্রটি পানি টানবে। তিনি বলেন, এটি ভেতরে কম্পিউটার সরঞ্জামসহ একটি বিশাল গুদাম, পেট্রোকেমিক্যাল কারখানার তুলনায় কম ঝুঁকিপূর্ণ।
ও'লিয়ারির দুটি প্রকল্পের প্রধান নির্বাহী পল প্যালানজিয়ান বলেছেন, দুটি প্রকল্পই সমান গতিতে এগোচ্ছে, তবে যুক্তরাষ্ট্রে বিষয়টি আলবার্টার তুলনায় বেশি উত্তপ্ত ইস্যুতে পরিণত হয়েছে। আলবার্টাতেও সাম্প্রতিক মাসগুলোতে ক্ষোভ বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে। প্রাদেশিক এআই ডেটা সেন্টার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক তথ্য সভাগুলোতে ক্ষুব্ধ বাসিন্দারা উপস্থিত হয়েছেন। আগস্টের এক টাউন হলে এক বাসিন্দা প্রশ্ন করেন, কেউ না চাইলে কেন এগিয়ে নেওয়া হচ্ছে — সভাটি হয় আলবার্টা মেটার ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলারের এআই ডেটা সেন্টার নির্মাণের ঘোষণার কিছুদিন পর।
স্টার্জন লেক ক্রি নেশন সম্প্রতি ওয়ান্ডার ভ্যালির পরিবেশগত মূল্যায়ন বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে, আদালতের নথিতে সিদ্ধান্তটিকে অযৌক্তিক বলেছে। এ সপ্তাহে আলবার্টা সরকার উদ্বেগ কমাতে ডেটা সেন্টার কোথায় নির্মাণ করা যাবে, তার ওপর বিধিনিষেধ আরোপের আইন প্রস্তাব করেছে। শনিবার নোভা স্কোশিয়াতেও অ্যানথ্রপিকের ব্যবহারের জন্য প্রস্তাবিত একটি এআই ডেটা সেন্টারের বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছেন।
টরন্টো বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো ও কানাডার প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা শন মুলিন বলেছেন, এআই সাধারণভাবে জনপ্রিয় নয় — কানাডা ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই তা সত্য, এবং সতর্কভাবে না এগোলে কানাডাতেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তিনি বলেন, কানাডায় প্রতিক্রিয়া কম হওয়ার একটি কারণ প্রকল্পের সংখ্যা ও সময় — প্রকল্প কম হওয়ায় সেগুলো কম মনোযোগ পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোকে অগ্রাধিকার দেওয়া কার্নি সরকার এআই ডেটা সেন্টারের বিকাশকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় হিসেবে তুলে ধরেছে, এবং বলেছে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আগামী চার বছরে কানাডার কম্পিউটিং সক্ষমতা ১৬ গুণ বাড়াতে হবে। আলবার্টা বলছে, এসব পরিকল্পনা কর্মসংস্থান ও রাজস্ব তৈরি করবে এবং স্থানগুলো দায়িত্বশীলভাবে গড়ে তোলা হবে। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেছেন, তাঁর প্রদেশকে ডেটা সেন্টার নির্মাণে পুরোদমে এগিয়ে যেতে হবে।
কানাডা ডেটা সেন্টার উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের নির্দেশনাও প্রকাশ করেছে, যাতে অ্যানথ্রপিক ও মেটাসহ বড় এআই প্রতিষ্ঠানগুলো স্বাক্ষর করেছে। এতে ডেটা সেন্টারগুলোকে বিদ্যুতের খরচ নিজে বহন করা, পানির ব্যবহার কমানো এবং যে এলাকায় গড়ে উঠবে, সেখানে দীর্ঘমেয়াদি সুবিধা তৈরির আহ্বান জানানো হয়েছে। আলবার্টার বাসিন্দা বেক ম্যাকিনটোশ, যিনি নিজের এলাকায় একটি হাইপারস্কেল ডেটা সেন্টার আটকে দিয়েছিলেন, সতর্ক করেছেন, প্রদেশগুলো দায়িত্বশীলভাবে এগোতে যত্ন না নিলে ভোটারদের মধ্যে হঠাৎ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যার জন্য কানাডার কোনো রাজনৈতিক দলই প্রস্তুত নয় বলে তিনি মনে করেন।




