…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

স্কুবা, ব্রেন রট আর সিক্স সেভেন: জেন আলফার যেসব শব্দে হিমশিম খাচ্ছেন বড়রা

নিজস্ব প্রতিবেদক
স্কুবা, ব্রেন রট আর সিক্স সেভেন: জেন আলফার যেসব শব্দে হিমশিম খাচ্ছেন বড়রা
ছবি: সংগৃহীত

জেন আলফার মুখে এখন এমন সব নতুন শব্দের ছড়াছড়ি, যা বুঝতে গিয়ে বড়রাও রীতিমতো হিমশিম খাচ্ছেন। স্কুবা, ব্রেন রট, সিক্স সেভেন কিংবা গ্লেজিং—এসব শব্দের অর্থ জানা না থাকলে ছোটদের আড্ডার অর্ধেক কথাই ধরা যায় না।

গবেষক ও জনপ্রিয় গণমাধ্যমগুলো সাধারণত ২০১০-এর দশকের সূচনা থেকে ২০২০-এর দশকের মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া ব্যক্তিদের আলফা প্রজন্মের সদস্য হিসেবে চিহ্নিত করে। তবে এই সময়সীমা এখনো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি এবং উৎসভেদে তা ভিন্ন হতে পারে। ২০১০ সালের পর জন্ম নেওয়া এই প্রজন্ম স্মার্টফোন হাতে নিয়ে বড় হয়েছে। তাদের শব্দ আসে টিকটক, ইউটিউব শর্টস আর স্ট্রিমারদের লাইভ থেকে, সেখান থেকে চলে যায় সরাসরি স্কুলে কিংবা বন্ধুদের আড্ডায়।

তালিকার প্রথম শব্দ ‘স্কুবা’। এখানে ডুবুরি বা অক্সিজেন সিলিন্ডারের কথা বলা হচ্ছে না। জেন আলফার ভাষায় স্কুবা বলতে বোঝায়, কিছু একটা থেকে ‘গন্ধ’ আসছে, অথবা কারও কথা বানোয়াট। এক হাতে নাক চেপে ধরে আরেক হাত মুখের সামনে ঢেউয়ের মতো নাড়ানো—‘স্কুবা ড্যান্স’ নামের এই ভঙ্গি দেখে মনে হবে কেউ পানির নিচে নেচে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত এই ভঙ্গি অনেকে নিছক মজা করতে বা খুশি প্রকাশ করতেও করে। যেমন কেউ বলল, ‘কাল থেকে রোজ ভোর পাঁচটায় উঠে পড়তে বসব’—পাশ থেকে আরেকজন নাক চেপে হাত নাড়িয়ে বলল, ‘স্কুবাআআ...।’

‘ব্রেন রট’ শব্দটির আক্ষরিক অনুবাদ ‘মগজ পচে যাওয়া’। রাত দুইটা পর্যন্ত একের পর এক রিলস দেখে যাওয়া, অথচ কী দেখলেন কিছুই মনে নেই, শুধু মাথাটা ভোঁতা লাগছে—জেন আলফা এই অবস্থার নাম দিয়েছে ব্রেন রট। অর্থহীন যেসব ভিডিও দেখে এমন হয়, সেগুলোকে বলে ‘ব্রেন রটিং ভিডিও’। শব্দটি এতটাই জনপ্রিয় যে অক্সফোর্ড ডিকশনারি একে ২০২৪ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে।

‘গ্লেজিং’ এসেছে গ্লেজ থেকে, যার মানে পিঠা বা ডোনাটের ওপর চিনির চকচকে প্রলেপ। তবে জেন আলফার ভাষায় এর অর্থ ভিন্ন—কাউকে প্রশংসার প্রলেপে মুড়িয়ে দেওয়াই গ্লেজিং, বাংলায় যাকে আমরা বলি ‘তেল দেওয়া’। যেমন বন্ধু ক্লাসে বলল, ‘স্যার, আপনার মতো করে কেউ পড়াতে পারে না!’—শুনে পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, ‘এত গ্লেজিং করিস না, অ্যাসাইনমেন্টের ডেডলাইন তবু বাড়বে না।’

ভাইরাল ‘সিক্স সেভেন’-এর ক্ষেত্রে মজার বিষয় হলো, এর কোনো মানে নেই, আর সেটাই এর মানে। সিক্স সেভেন বলার সময় জেন আলফা দুই হাতের তালু ওপরের দিকে রেখে পালা করে ওঠানামা করায়, যেন দাঁড়িপাল্লায় কিছু মাপা হচ্ছে। মাঝেমধ্যে এর মানে দাঁড়ায় ‘চলে আরকি’ বা ‘এটা না ওটা’।

আরেকটি শব্দ ‘ওহাইও’, যা উদ্ভট আর ‘ক্রিঞ্জ’ পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। ইন্টারনেটে ‘অনলি ইন ওহাইও’ মিম থেকে এর শুরু, যদিও ওহাইওর মানুষের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। উদাহরণ হিসেবে বলা যায়, ‘মিষ্টি দিয়ে খিচুড়ি খাচ্ছিস? পুরাই ওহাইও অবস্থা।’

রাগে বা হতাশায় একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কিংবা হুট করে বেপরোয়া কিছু করে বসাকে বলে ‘ক্র্যাশ আউট’। যেমন গেমের শেষ রাউন্ডে থাকা অবস্থায় ওয়াই-ফাই চলে গেল, আর রাগে ফোনটাই আছাড় মারলেন—ঠিক এটাই ক্র্যাশ আউট।

যেকোনো কিছুকে শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টাকে বলে ‘ম্যাক্সিং’। এটি একটি প্রত্যয়, তাই যেকোনো শব্দের পেছনে জুড়ে দেওয়া যায়। চেহারা ঘষামাজা করে নিজেকে আকর্ষণীয় করার চেষ্টা হলো ‘লুকসম্যাক্সিং’, আবার ছুটির দিনে টানা ঘুম হলো ‘স্লিপম্যাক্সিং’।

বন্ধুর প্লেট থেকে না বলে এক কামড় বা এক টুকরো খাবার তুলে নেওয়ার নাম ‘ফানুম ট্যাক্স’। নামটি এসেছে মার্কিন স্ট্রিমার ফানুমের নাম থেকে; লাইভে সঙ্গীদের খাবারে ভাগ বসানোর জন্য তিনি পরিচিত।

‘কোয়ায়েট অন দ্য ক্রিক’ কথাটি ভাইরাল হয় ২০২৬ সালের জুলাইয়ে মার্কিন র‍্যাপার সসি সান্তানার একই নামের গান থেকে। ছোটবেলায় ছোট নদীতে মাছ ধরতে গেলে তাঁকে চুপ থাকতে বলা হতো, যাতে মাছ ভয় পেয়ে পালিয়ে না যায়—সেখান থেকেই কথাটির জন্ম। এখন এর মানে চুপচাপ থাকা কিংবা নিজের সব খবর সবাইকে না বলা।

তবে অর্থ যা-ই হোক, জেন আলফার শব্দের আয়ু খুব বেশি দিনের নয়। ফলে কোনো শব্দ জানার সিলেবাসে না পড়লেও হতাশার কিছু নেই—আপনি যতক্ষণে একটি শব্দ শিখতে বসবেন, ততক্ষণে দেখবেন জেন আলফার মুখে নতুন শব্দ এসে গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

রাবার বাগানের শ্রমিক দম্পতির পরিবারে এখন ৬১ জন চিকিৎসক
লাইফস্টাইল

রাবার বাগানের শ্রমিক দম্পতির পরিবারে এখন ৬১ জন চিকিৎসক

মালয়েশিয়ায় রাবার বাগানের শ্রমিক হিসেবে জীবন শুরু করেছিলেন লু সিউ চিন ও তাঁর স্বামী লিম তাং তু। তাঁদের আট ছেলেই পরবর্তী সময়ে চিকিৎসক হয়েছেন, আর তা…

বয়স বাড়লে কানও বড় হয়ে যায়: তিন দশকের গবেষণা যা বলছে
লাইফস্টাইল

বয়স বাড়লে কানও বড় হয়ে যায়: তিন দশকের গবেষণা যা বলছে

বয়সের ছাপ পড়ে মুখে, চুলে আর ত্বকে। সময়ের সঙ্গে কপালে ভাঁজ জমে, চুলে লাগে রুপালি আভা। তবে শরীরের আরেকটি অঙ্গের পরিবর্তন অনেকের চোখ এড়িয়ে যায়—সেটি…

রান্নাঘরে তিন ডিশওয়াশারের চলকে অতিরিক্ত বললেন টাই পেনিংটন, জোর দিলেন মায়ের ফুসফুসের রোগের সচেতনতায়
লাইফস্টাইল

রান্নাঘরে তিন ডিশওয়াশারের চলকে অতিরিক্ত বললেন টাই পেনিংটন, জোর দিলেন মায়ের ফুসফুসের রোগের সচেতনতায়

রান্নাঘরের বিশাল আইল্যান্ডে একসঙ্গে তিনটি ডিশওয়াশার বসানোর চলকে অতিরিক্ত বলে মন্তব্য করেছেন মার্কিন টেলিভিশন তারকা টাই পেনিংটন। ফক্স নিউজ ডিজিটালকে দ…

জিটিএ ৬ উন্মাদনা ঘিরে দম্পতিদের টানাপোড়েন, সম্পর্ক বিশেষজ্ঞ ম্যাথিউ হাসির সতর্কবার্তা
লাইফস্টাইল

জিটিএ ৬ উন্মাদনা ঘিরে দম্পতিদের টানাপোড়েন, সম্পর্ক বিশেষজ্ঞ ম্যাথিউ হাসির সতর্কবার্তা

দীর্ঘ প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) ৬ গেমারদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে, আবার অনেক দম্পতির মধ্যে টানাপোড়েনের কারণও হয়েছে। ১৯ নভেম…