বয়স বাড়লে কানও বড় হয়ে যায়: তিন দশকের গবেষণা যা বলছে

বয়সের ছাপ পড়ে মুখে, চুলে আর ত্বকে। সময়ের সঙ্গে কপালে ভাঁজ জমে, চুলে লাগে রুপালি আভা। তবে শরীরের আরেকটি অঙ্গের পরিবর্তন অনেকের চোখ এড়িয়ে যায়—সেটি হলো কান। ছোটবেলার ছবির সঙ্গে বৃদ্ধ বয়সের ছবি মিলিয়ে দেখলে দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে মানুষের কান সত্যিই বড় দেখায়। বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে বিষয়টি আরও ভালো নজরে পড়ে।
এটি নিছক চোখের ভুল নয়। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। নব্বইয়ের দশকে বয়স্ক মানুষের কান নিয়ে বেশ কয়েকটি গবেষণা হয়েছিল। সেসব গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে কানের আকারে সত্যিই পরিবর্তন হয়।
১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১০০ জন তরুণের কানের পরিধি মাপেন। এরপর সেই মাপের সঙ্গে বয়স্ক ব্যক্তিদের কানের মাপ তুলনা করেন। গবেষণায় দেখা যায়, মানুষের কানের পরিধি বছরে গড়ে প্রায় ০ দশমিক ৫১ মিলিমিটার করে বাড়ে। অর্থাৎ এক দশকে বাড়ে প্রায় ৫ মিলিমিটার, আর ৫০ বছরে প্রায় আড়াই সেন্টিমিটার।
এর দুই বছর আগে, ১৯৯৫ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছিল একটি গবেষণা, যার শিরোনাম ছিল ‘হোয়াই ডু ওল্ড মেন হ্যাভ বিগ ইয়ারস’—বয়স্ক পুরুষদের কান বড় হয় কেন? গবেষকেরা ৩০ থেকে ৯৩ বছর বয়সী ২০৬ জন মানুষের ওপর গবেষণা চালান। তাঁদের হিসাব অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে মানুষের কানের দৈর্ঘ্য বছরে গড়ে ০ দশমিক ২২ মিলিমিটার করে বাড়ে।
১৯৯৯ সালে ইতালির গবেষকদের আরেকটি গবেষণাতেও একই প্রবণতা দেখা যায়। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, বয়সের সঙ্গে কানের আকার বাড়ে এবং পুরুষদের ক্ষেত্রে এই পরিবর্তন তুলনামূলকভাবে বেশি চোখে পড়ে।
তবে কান কি সত্যিই সারা জীবন ধরে বাড়তে থাকে? উত্তরটা একটু অন্য রকম। এই পরিবর্তনকে ঠিক স্বাভাবিক বৃদ্ধির মতো বলা যায় না। শৈশব থেকে কৈশোরে শরীরের অন্য অঙ্গ যেভাবে বেড়ে ওঠে, বয়স বাড়ার সঙ্গে কান সেভাবে বাড়ে না। বরং সময়ের সঙ্গে কানের গঠন ও টিস্যুতে পরিবর্তন আসে। ফলে কান ধীরে ধীরে লম্বা ও ঝুলে পড়া দেখায়।
এর পেছনে কাজ করে মহাকর্ষ বল, কানের নিজের ওজন এবং ত্বক ও সংযোজক কলার পরিবর্তন। কানের নিচের নরম অংশটিকে বলা হয় কর্ণলতি। বয়স বাড়ার সঙ্গে এই অংশে চর্বি জমতে পারে। নিজের ওজনের পাশাপাশি মহাকর্ষের টানও কর্ণলতিকে নিচের দিকে প্রসারিত করে। দীর্ঘদিন ধরে এই টান চলতে থাকায় কান কিছুটা লম্বা হয়ে যায়।
এ ছাড়া বয়সের সঙ্গে শরীরের সংযোজক কলার স্থিতিস্থাপকতা কমে যায়। ত্বক ও টিস্যুকে টানটান রাখতে কোলাজেন নামে একটি প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়লে শরীরে কোলাজেন তৈরির হার কমে আসে। ফলে ত্বক ও আশপাশের টিস্যু আগের মতো দৃঢ়তা ধরে রাখতে পারে না। কানের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে—বছরের পর বছর ধরে কানের টিস্যু কিছুটা ঝুলে পড়ে এবং প্রসারিত হয়।
তবে বড় কান বা লম্বা কর্ণলতিকে সব সংস্কৃতিতে বয়সের ছাপ হিসেবে দেখা হয় না। কোথাও কোথাও এটি জ্ঞান, প্রজ্ঞা ও মর্যাদার প্রতীক। বৌদ্ধধর্মের শিল্পকর্মে গৌতম বুদ্ধের মূর্তির দিকে তাকালেই বিষয়টি বোঝা যায়। অনেক মূর্তিতে তাঁর কান বেশ লম্বা, কর্ণলতি নিচের দিকে ঝুলে আছে। এই দীর্ঘ কর্ণলতি কেবল শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং প্রজ্ঞা ও গভীর উপলব্ধির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে।




