‘সামরিক বাহিনী আমাদের ভবিষ্যৎ ঠিক করবে না’: বাধ্যতামূলক সেনাসেবার বিরুদ্ধে রাস্তায় জার্মান তরুণরা
জার্মানিতে বাধ্যতামূলক সামরিক সেবা ফিরিয়ে আনার পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন দেশটির তরুণ-তরুণীরা। শুক্রবার দেশজুড়ে নতুন করে সমাবেশের ডাক দিয়েছে তরুণদের জোট ‘গেন জেড রেগেল্ট’ (জেন জি সর্টস ইট)। আয়োজকদের হিসাবে বার্লিন, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ ৪০টি শহরে প্রায় ২০ হাজার মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে নিবন্ধন করেছেন।
পশ্চিম জার্মানির মুনস্টার শহরের ১৮ বছর বয়সী স্কুলছাত্র ফিল ভেরিং গত মাসে জার্মান সশস্ত্র বাহিনী বুন্দেসভেরের কাছ থেকে একটি চিঠি পান। সামরিক নিবন্ধনের ওই ফরমে তাঁকে বাধ্যতামূলক কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয়, আর সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী হলে ঐচ্ছিক প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রাখা হয়।
প্রথম চিঠি উপেক্ষা করার দুই সপ্তাহ পর ভেরিং আরেকটি চিঠি পান, যেখানে সতর্ক করা হয়—উত্তর না দিলে ২৫০ ইউরো (২৭৫ ডলার) জরিমানা হতে পারে। কিউআর কোড দিয়ে লগ ইন করে তিনি প্রশ্নপত্র পূরণ শুরু করেন।
ভেরিং আল জাজিরাকে বলেন, বাধ্যতামূলক প্রশ্নের মধ্যে ছিল কোনো রোগ আছে কি না, ওজন ও উচ্চতা কত এবং খেলাধুলা করেন কি না। ঐচ্ছিক প্রশ্নে জানতে চাওয়া হয় ড্রাইভিং লাইসেন্স আছে কি না এবং কোন কোন ভাষা জানেন। তিনি শুধু বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দিয়েছেন, তাতে প্রায় ১৫ মিনিট লেগেছে।
তিনি জানেন, সব প্রশ্নের উত্তর না দিলে সামরিক বাহিনীর ডাক্তারি পরীক্ষার জন্য ডাক পাওয়ার আশঙ্কা বাড়তে পারে। তবু তিনি সব প্রশ্নের উত্তর দিতে চাননি। ভেরিং বলেন, ফরম পূরণের সময় তিনি বুঝতে পারেন, সরকার বাধ্যতামূলক সামরিক সেবা ফিরিয়ে আনতে কতটা গুরুত্ব দিচ্ছে, এবং হয়তো তাঁর কোনো বিকল্পই থাকবে না—অস্ত্র বিক্রি করে লাখ লাখ ডলার আয় করা কোম্পানিগুলোর জন্য তাঁকে জীবনের ঝুঁকি নিতে হতে পারে।
সরকারি হিসাবে, এ বছর অক্টোবরের শেষ পর্যন্ত তরুণ জার্মানদের কাছে প্রায় ৬ লাখ চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ২ লাখ ৮৬ হাজার ৮০০টি তরুণদের এবং ২ লাখ ৭১ হাজার ৭০০টি তরুণী ও অন্যান্য লিঙ্গের মানুষের কাছে গেছে। ফরমটি পূরণ করা বাধ্যতামূলক শুধু পুরুষদের জন্য।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া সামরিক সেবা আধুনিকায়ন আইনের পর থেকেই জার্মানিতে বাধ্যতামূলক সেনাসেবা আলোচনার কেন্দ্রে। আইনে ২০৩০-এর দশকের মাঝামাঝি নাগাদ সেনাবাহিনীর পূর্ণকালীন সদস্যসংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার এবং রিজার্ভ সদস্য ২ লাখে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে।
এই নিয়োগ অভিযান জার্মানির বৃহত্তর সামরিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ, যা শুরু হয় ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর। বার্লিন প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির ক্ষমতাও বাড়াচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের প্রচেষ্টায় ফল আসছে। সরকারি হিসাবে বুন্দেসভের ২০২৬ সালের জন্য আইনে নির্ধারিত সদস্য বাড়ানোর সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে; অক্টোবরে সদস্যসংখ্যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৬ হাজার ৪০০ বেশি ছিল।
তবে সাম্প্রতিক প্রতিবাদ—স্কুল ধর্মঘটের ধারাবাহিকতা এবং ‘গেন জেড রেগেল্ট’ জোটের বড় বিক্ষোভ—দেখিয়ে দিচ্ছে, অনেক তরুণ এই পরিকল্পনার বিরোধিতা করছেন। শুক্রবারের কর্মসূচিতে ‘স্কুল স্ট্রাইক অ্যাগেইনস্ট কনস্ক্রিপশন’ জোটের আয়োজনে হাজারো শিক্ষার্থীও বাধ্যতামূলক সামরিক সেবার বিরুদ্ধে প্রতিবাদ করবে।
মিউনিখের ১৬ বছর বয়সী লিনুস স্নাইডার আশঙ্কা করেন, জার্মানিকে আবার অস্ত্রসজ্জিত করতে যত বেশি অর্থ যাবে, তাঁর শহরের স্কুলগুলোর জন্য তত কম থাকবে। তিনি বলেন, তাঁর স্কুলের ছাদ তিন বছর ধরে চুইয়ে পড়ছে; খেলার হলে পানির বালতি বসে থাকায় মাঝে মাঝে শরীরচর্চার ক্লাসই হয় না। শহর কর্তৃপক্ষ বলছে, আগের মতো অর্থ তাদের হাতে নেই। মিউনিখ জার্মানির অন্যতম ধনী রাজ্য বাভারিয়ার সবচেয়ে বড় শহর।
স্নাইডার বলেন, অন্য স্কুলে পড়া বন্ধুদের কাছেও তিনি শুনেছেন, তাদের স্কুলের ছাদের অবস্থা এত খারাপ যে ছাদ মাথায় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাঁর ভাষায়, শিক্ষা ও স্বাস্থ্যে বড় কাটছাঁট চলছে, অথচ একই সময়ে সামরিক ব্যয় ব্যাপকভাবে বেড়েছে।
এ মাসের শেষ দিকে চূড়ান্ত হতে যাওয়া ২০২৭ সালের খসড়া বাজেট অনুযায়ী, প্রতিরক্ষা ব্যয় আগের বছরের ৮২৭০ কোটি ইউরো (৯ হাজার ৮০ কোটি ডলার) থেকে বেড়ে ১০ হাজার ৯৭০ কোটি ইউরো (১২ হাজার ৫০ কোটি ডলার) হবে। বিপরীতে শিক্ষা ও পরিবার মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট এ বছরের ১ হাজার ৬৬০ কোটি ইউরো (১ হাজার ৮৩০ কোটি ডলার) থেকে কমে ১ হাজার ৫৯০ কোটি ইউরো (১ হাজার ৭৫০ কোটি ডলার) ধরা হয়েছে।
কনস্টান্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী সেবাস্টিয়ান কুস, যিনি তরুণ ও প্রতিবাদ আন্দোলন নিয়ে গবেষণা করেন, বলেন, ইউরোপের এই ঢেউ জার্মান আন্দোলনের জন্য ‘গুরুত্বপূর্ণ স্ফুলিঙ্গ’। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় ও শিক্ষায় কাটছাঁটের মতো মিল থাকলেও বাধ্যতামূলক সেনাসেবার প্রশ্নটি জার্মান তরুণদের পরিস্থিতিকে আলাদা করে তুলেছে, এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণকারীদের মধ্যে মিলের জায়গা হলো হতাশা—অর্থনৈতিক বৈষম্য, ডানপন্থী চরমপন্থা, জীবনযাত্রার ব্যয় ও জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ।
ভেরিং তাঁর এলাকায় শুক্রবারের মিছিলে যোগ দেবেন। তিনি বলেন, তিনি চিকিৎসা খাতে পড়াশোনা করতে আগ্রহী; মানুষকে সাহায্য করতে চান, কাউকে গুলি করতে বা আঘাত করতে নয়। তাঁর ভাষায়, সামরিক বাহিনী তাঁর ভবিষ্যৎ থামিয়ে দিক, তা তিনি চান না।
প্রতিবাদে জড়ানোয় স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে ঝামেলায় পড়েছেন স্নাইডার, তবু শুক্রবারের সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা তাঁর। তিনি বলেন, ‘আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে চাই। আমরা চাই না আমাদের ভবিষ্যৎ সামরিক বাহিনী বা রাষ্ট্র ঠিক করে দিক।’ চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের অধীনে বাড়তে থাকা রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখে সবাইকে একসঙ্গে দাঁড়ানো জরুরি বলেও মনে করেন তিনি।


