…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

৬০ হাজার কোটি টাকার প্রণোদনা উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে: গভর্নর মো. মোস্তাকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে: গভর্নর মো. মোস্তাকুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ উৎপাদন ও বাজারে সরবরাহব্যবস্থা ত্বরান্বিত করে মূল্যস্ফীতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি অর্থবছরের মধ্যেই এ প্যাকেজের অর্থ বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ ২০২৭) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় গভর্নর এ কথা বলেন।

সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গবেষক, গবেষণাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও ব্যাংকাররা অংশ নেন।

গভর্নর বলেন, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ২০ শতাংশ খুচরা খাতে ও ৩৫ শতাংশ এসএমই খাতে বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে করপোরেট খাতে বিনিয়োগ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

করপোরেট খাতের বিনিয়োগের অর্থ ভবিষ্যতে পুঁজিবাজার থেকে সংগ্রহের ওপরও গুরুত্ব দেন মো. মোস্তাকুর রহমান।

মুদ্রানীতিকে আরও কার্যকর করতে সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শক্রমে ত্রৈমাসিক ভিত্তিতে মুদ্রানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মুদ্রানীতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার অনুষ্ঠানে মুদ্রানীতি বিষয়ে উপস্থাপনা দেন। উপস্থাপনায় মুদ্রানীতির ধারণা, প্রক্রিয়া, বিভিন্ন উপকরণ ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বেড়ে যাওয়ার চাপ সামাল দিতে পারেন, কিন্তু অনিশ্চয়তা সামাল দিতে পারেন না। বিগত কয়েক বছরে করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন-ইরান যুদ্ধসহ বিভিন্ন কারণে জ্বালানিসংকট তৈরি হয়েছে এবং উৎপাদন ব্যয় ব্যাপক হারে বেড়েছে।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মোস্তফা বলেন, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার বিনিময় হারের স্থিতিশীলতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীর এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, অপ্রত্যাবাসিত রপ্তানি আয় ও পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশে বাংলাদেশের দূতাবাস এবং বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।

ব্যবসায়ীরা পণ্যের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ঋণের সুদের হার কমানোর পরামর্শ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক (প্রশাসন) স্বরূপ কুমার চৌধুরী, পরিচালক (বৈদেশিক মুদ্রা ও এসএমই) মাহবুবুল আলম, পরিচালক (পরিদর্শন) মো. নুরুল আলম, পরিচালক (ব্যাংকিং) ইয়াসমিন রহমান বুলা এবং প্রধান কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের পুঁজিবাজারে বড় উত্থানের পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। টানা পাঁচ কার্যদিবস ধরে ঢাকা ও চট্টগ্রাম উ…

অর্থনীতি ও ব্যবসা

সম্ভাবনা থাকলেও প্রশিক্ষণ ও ঋণের অভাবে কাজ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও সহায়ক সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর,…

অর্থনীতি ও ব্যবসা

ফটিকছড়িতে সাড়ে চার কোটি ডলার বিনিয়োগে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–পিআইডিজি

প্রায় সাড়ে চার কোটি ডলার বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে বারাকা গ্রুপ ও আন্তর্জাতিক অবকা…