…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

সম্ভাবনা থাকলেও প্রশিক্ষণ ও ঋণের অভাবে কাজ পাচ্ছেন না তরুণরা: পিপিআরসির গবেষণা

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে কাজের বড় সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও সহায়ক সেবার অভাবে তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে না। রাজশাহী, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান—এই পাঁচ অঞ্চলের ওপর পরিচালিত বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মেসো-ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক বিষয়গুলো সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও কাজ করেছে। তরুণেরা কীভাবে কর্মজীবনে প্রবেশ করবেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কাজ পাবেন এবং সরকারি সেবা নিতে পারবেন—এসব প্রশ্ন জুলাই অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অংশ বলে তিনি উল্লেখ করেন।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, সামষ্টিক অর্থনীতি এবং পরিবার বা ব্যক্তির অর্থনীতি নিয়ে আলোচনা হলেও মাঝের স্তরটি কম গুরুত্ব পায়। তিনি এই স্তরকে বলেছেন ‘মেসো-ইকোনমি’ বা অর্থনীতির মধ্য স্তর। তাঁর ভাষ্য, এখানেই জাতীয় নীতিতে তৈরি সুযোগ কাজে লাগিয়ে একজন তরুণ চাকরি পেতে বা নিজের উদ্যোগ বড় করতে পারেন, আবার এখানেই তিনি আটকে যেতে পারেন।

গবেষণায় ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়, দেশে ২৬ লাখ ২০ হাজার বেকারের মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক—অর্থাৎ ডিগ্রি কাজের নিশ্চয়তা দিচ্ছে না। এ ছাড়া ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে শিল্প খাতের আকার বছরে গড়ে ৯ দশমিক ১ শতাংশ হারে বাড়লেও উৎপাদন খাতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ৬ শতাংশ।

২০২৬ সালের ২৮ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই গবেষণায় রাজশাহী, যশোর ও চট্টগ্রামে তরুণ ও নিয়োগদাতাদের নিয়ে আলাদা পরামর্শ সভা করা হয়। এতে ১০০ তরুণ এবং ৫৯ নিয়োগদাতা ও উদ্যোক্তা সংক্ষিপ্ত প্রশ্নপত্র পূরণ করেন। পাশাপাশি নওগাঁ, পীরগঞ্জ, যশোর হাইটেক পার্ক, উপকূলীয় নোয়াখালী ও বান্দরবানের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে আলোচনা করা হয়।

রাজশাহী অঞ্চলের উদাহরণে গবেষণায় দেখানো হয়েছে, উৎপাদন যতটা এগিয়েছে, প্রক্রিয়াজাতকরণ ও সহায়ক সেবা ততটা এগোয়নি। দেশের প্রায় অর্ধেক আম এই অঞ্চল থেকে এলেও অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী তা প্রায় পুরোটাই তাজা ফল হিসেবে বিক্রি হয় এবং ফসল সংগ্রহের পর উল্লেখযোগ্য ক্ষতির কথাও তাঁরা জানিয়েছেন। আমের শুকনা টুকরা, ঘনীভূত উপাদান, আঁটির বাটার ও তেল তৈরির মতো প্রক্রিয়াজাতকরণ উদ্যোগ বাড়লে নতুন কর্মসংস্থান হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। রেশম খাতেও অব্যবহৃত সক্ষমতা রয়েছে।

যশোরে ফুল, মৎস্য চাষ, হালকা প্রকৌশল, নারীদের পরিচালিত সেবা ব্যবসা ও ডিজিটাল উদ্যোগের বৈচিত্র্য থাকলেও বাস্তবতার সঙ্গে আর্থিক ও প্রশাসনিক সেবার সমন্বয় কম বলে গবেষণায় উঠে এসেছে। অংশগ্রহণকারীরা জানান, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা নেই এমন কর্মকর্তারা পার্ক পরিচালনা করছেন এবং কাছের একটি বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত আইটি ল্যাবও অব্যবহৃত অবস্থায় রয়েছে।

নোয়াখালীর উপকূলীয় অর্থনীতিতে কৃষি, প্রাণিসম্পদ ও নানা উদ্যোগের সম্ভাবনা থাকলেও স্থানীয় প্রক্রিয়াজাতকরণ ও উপযোগী অর্থায়নের অভাব রয়েছে বলে গবেষণায় বলা হয়। স্থানীয়ভাবে সয়াবিন ভাঙানো বা পশুখাদ্য তৈরির কারখানা না থাকায় সয়াবিন এলাকা থেকে বাইরে চলে যায়, ফলে স্থানীয় পর্যায়ে বাড়তি আয় ও কাজ তৈরি হয় না। ফসল বিক্রির টাকা হাতে আসার আগেই ঋণের কিস্তি শুরু হওয়ার মতো অসামঞ্জস্যের কথাও উঠে এসেছে।

চট্টগ্রামে বন্দর, শিল্পপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সেবায় কাজের সুযোগ থাকলেও তরুণদের অভিযোগ, চাকরিতে অভিজ্ঞতা চাওয়া হয় এবং অনানুষ্ঠানিক লেনদেন বা ঘুষের প্রসঙ্গও আসে। ইন্টার্নশিপ ও খণ্ডকালীন কাজের সুযোগ সীমিত বলেও তাঁরা জানান। অন্যদিকে নিয়োগদাতারা ব্যবহারিক দক্ষতার ঘাটতি ও প্রশিক্ষিত কর্মী ধরে রাখার সমস্যার কথা জানান। বান্দরবানে ফলবাগান, কফি, কাজুবাদাম, মৌ চাষ, পর্যটন ও হস্তশিল্পে সম্ভাবনা থাকলেও দুর্বল সড়ক, হিমাগার, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সংযোগের অভাবে উৎপাদকেরা ন্যায্য আয় পান না বলে গবেষণায় উল্লেখ করা হয়।

তরুণদের কর্মসংস্থান ও ব্যবসা গড়ে তোলার প্রতিবন্ধকতা দূর করতে পিপিআরসি সাতটি অগ্রাধিকার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে বেতনসহ শিক্ষানবিশের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণের ব্যয় ভাগাভাগির মাধ্যমে নিয়োগদাতাদের যুক্ত করা এবং আয়ের সঙ্গে মিল রেখে ঋণের কিস্তি নির্ধারণ। ঋণ পেতে বাধা সৃষ্টিকারী জমির দলিল ও স্বামীর স্বাক্ষরের শর্ত তুলে নেওয়ার সুপারিশও করা হয়েছে। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানের জন্য আঞ্চলিক পর্যায়ে লাইসেন্স সেবা চালু, শিশুযত্ন ও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা, মাতৃভাষায় শিক্ষার সুযোগ এবং আদিবাসী জনগোষ্ঠীর জ্ঞান সুরক্ষার সুপারিশ করেছে সংস্থাটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন, সূচক বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) দেশের পুঁজিবাজারে বড় উত্থানের পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। টানা পাঁচ কার্যদিবস ধরে ঢাকা ও চট্টগ্রাম উ…

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…