…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই অবস্থায় আট দফা সংস্কার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগের তৈরি করা সাম্প্রতিক এক প্রতিবেদনে সরকারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় এসব সংস্কার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এতে রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংক খাতের দুর্বলতা কাটানো, ঋণের ব্যয় কমানো, বিকল্প অর্থায়ন সৃষ্টি, সরকারি ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতের আর্থিক দায় নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায় পরিস্থিতিতে সরকারের আয়সংকটের চিত্র পাওয়া যায়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাবে, জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম। অথচ এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। অর্থাৎ চার মাসেই ঘাটতি ৫০ হাজার কোটি টাকার বেশি।

পুরো অর্থবছরে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। ফলে বছরের বাকি সময়ে রাজস্ব আদায়ে বড় ধরনের গতি আনতে না পারলে বাজেটের অর্থায়ন পরিকল্পনায় চাপ আরও বাড়বে।

অন্যদিকে ব্যয়ের চাপও কয়েকটি খাত থেকে একসঙ্গে আসছে। সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন, দেশি-বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাহিদা বাড়ছে।

অর্থ বিভাগের তথ্যমতে, ঋণ পরিশোধের দায় সরকারের অর্থায়নের ওপর বাড়তি চাপ তৈরি করছে। চলতি অর্থবছরে শুধু ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর বাইরে পুরোনো ঋণের আসল পরিশোধেও বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাবে, অর্থবছরের প্রথম তিন মাসে শুধু বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১ হাজার ৩৫১ মিলিয়ন ডলারের বেশি, দেশীয় মুদ্রায় যা ১৬ হাজার ৫০০ কোটি টাকা। অথচ একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণ ও অনুদান পাওয়া গেছে মাত্র ৬৬২ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১ হাজার ১৪৮ মিলিয়ন ডলারের বেশি।

ভর্তুকির ব্যয়ও বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে। বিদ্যুৎ, এলএনজি ও কৃষি খাতে চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৬০ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম সাড়ে চার মাসেই এসব খাতে ছাড় করতে হয়েছে ৫১ হাজার ৮০০ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮৬ শতাংশ। ফলে বাকি সাড়ে সাত মাসের ভর্তুকির দায় মেটাতে নতুন করে অর্থের সংস্থান করতে হবে সরকারকে।

রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে থাকায় বাজেটের ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ঋণের উৎসের ওপর নির্ভরতা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংক থেকে সরকার নিট ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে।

অর্থ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রথমে রাজস্ব আহরণের ভিত শক্ত করতে চায় সরকার। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ রয়েছে। দ্বিতীয়ত, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণসহ ব্যাংক খাতের সংস্কার করা হবে।

তৃতীয়ত, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের বদলে সহজ শর্তের কম সুদের বৈদেশিক ঋণকে অগ্রাধিকার এবং ঘাটতি মেটাতে টাকা ছাপিয়ে অর্থায়ন না করার নীতি নেওয়া হচ্ছে। চতুর্থত, প্রথমবারের মতো বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রকাশ এবং নতুন মধ্যমেয়াদি ঋণের কৌশল প্রণয়ন করা হবে। পঞ্চম সংস্কারটি অর্থায়নের উৎস বাড়ানো — সরকারি বন্ডে পেনশন তহবিল, বিমা কোম্পানি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড এবং ইউরোবন্ড, সামুরাই ও পান্ডা বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

ষষ্ঠত, ঋণের অর্থ যাচাই-বাছাই করা উচ্চ সুফলদায়ী প্রকল্পে ব্যয় এবং চলমান প্রকল্প অগ্রাধিকার দিয়ে শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। সপ্তমত, সরকারি গ্যারান্টি, ভর্তুকির বকেয়া ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্ভাব্য দায় নিয়ন্ত্রণে সীমা নির্ধারণ এবং আর্থিক ঝুঁকির বিবরণী প্রকাশ করা হবে। অষ্টমত, ঋণ গ্রহণ, পরিশোধ ও ঝুঁকি মূল্যায়নের কাজ সমন্বয়ে একীভূত ডেট ম্যানেজমেন্ট অফিস গঠন এবং পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, টেকসই সরকারি অর্থ ব্যবস্থাপনা নিশ্চিতে আয়-ব্যয়ের মতো স্পর্শকাতর খাতে এসব সংস্কার প্রত্যাশিতই ছিল। উদ্যোগটি ইতিবাচক, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। রাজস্ব আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ঋণের অর্থ থেকে যথাযথ অর্থনৈতিক সুফল নিশ্চিত করা না গেলে আয়-ব্যয়ের ব্যবধান মেটাতে ঋণের ওপর নির্ভরতা থেকেই যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি …

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…