…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক কোম্পানি আইনের চূড়ান্ত খসড়া: পর্ষদে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধি নিষিদ্ধ, এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পরিচালক
ছবি: সংগৃহীত

এক পরিবারের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ কমাতে যাচ্ছে সরকার। রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পর্ষদে জায়গা পাওয়ার সুযোগও কমছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের চূড়ান্ত খসড়ায় এমন কাঠামোর প্রস্তাব করা হয়েছে, যেখানে একটি পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে খসড়াটি চূড়ান্ত করেছে। দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খসড়ায় ব্যাংকের মালিকানা, পরিচালনা পর্ষদের গঠন, পরিচালক নিয়োগ এবং ঋণ আদায়ের নিয়মেও বেশ কিছু নতুন বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে।

বর্তমানে একটি পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য ব্যাংকের পরিচালক হতে পারেন। চূড়ান্ত খসড়ায় এ সংখ্যা কমিয়ে দুজন করার প্রস্তাব করা হয়েছে। একই পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পর্ষদে প্রতিনিধিত্বের সুযোগও কমানো হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি প্রতিনিধিত্বের পরিবর্তে একটি রাখার প্রস্তাব রয়েছে।

পর্ষদে রাজনৈতিক প্রভাব ঠেকাতে সরাসরি নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য, সমমর্যাদার সরকারি পদে থাকা ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কোনো ব্যাংকের পরিচালক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইভাবে তাঁদের কারও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হওয়ার সুযোগও থাকবে না।

পরিচালকের একটানা দায়িত্ব পালনের মেয়াদও সীমিত করা হচ্ছে। বর্তমানে একজন পরিচালক একটানা ১২ বছর দায়িত্ব পালন করতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে ৬ বছর করা হয়েছে। পুনরায় কেউ পরিচালক হতে চাইলে তাঁকে তিন বছর বিরতিতে থাকতে হবে। ২০১৮ সালে পরিচালকদের মেয়াদ ছয় বছর থেকে বাড়িয়ে নয় বছর করা হয়েছিল; ২০২৩ সালে তা আরও বাড়িয়ে ১২ বছর করা হয়। নতুন প্রস্তাবে আবার ছয় বছরের সীমায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া ঋণখেলাপি, ফৌজদারি অপরাধে দণ্ডিত, আর্থিক অনিয়মে জড়িত কিংবা নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘন করেছেন—এমন ব্যক্তিরা পরিচালক হওয়ার অযোগ্য থাকবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা না থাকলেও পরিচালক হওয়ার সুযোগ মিলবে না। এসব ক্ষেত্রে বিদ্যমান বিধান বহাল রাখার প্রস্তাব রয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২০ সদস্যের পর্ষদে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক থাকতে হয়। নতুন নিয়মে এ সংখ্যা হবে চারজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালক রাখতে হবে কমপক্ষে তিনজন; বর্তমানে এ সংখ্যা দুজন।

স্বতন্ত্র পরিচালক নিয়োগেও কড়াকড়ি আসছে। কোনো ব্যক্তি গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক বা এর সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে কিংবা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক থাকলে তাঁকে স্বতন্ত্র পরিচালক করা যাবে না।

অন্যদিকে ব্যাংকের শেয়ার ধারণের ক্ষেত্রে ব্যক্তি, কোম্পানি বা পরিবারের একক কিংবা সম্মিলিতভাবে ১০ শতাংশের বেশি শেয়ার রাখার বিদ্যমান সীমা বহাল থাকছে। তবে বিশেষ পরিস্থিতিতে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে।

সংশোধিত চূড়ান্ত খসড়ায় কোনো পরিচালকের পদ শূন্য হলে তাঁর কাছে ব্যাংকের পাওনা আদায়ে শেয়ার সমর্পণের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। শেয়ার সমর্পণের পরও ঋণের টাকা বাকি থাকলে তা সরকারি পাওনা হিসেবে আদায় করা যাবে। এ ক্ষেত্রে পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুসরণ করতে হবে। এ ধরনের ঋণ পুনঃ তফসিল করে কিংবা অন্য কোনো উপায়ে নিয়মিত করার সুযোগও বন্ধ করার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া পর্ষদের অনুমোদন ছাড়া কোনো পরিচালক টানা তিন মাসের বেশি সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বছরে একবারের বেশি এ ধরনের ছুটি নেওয়ার সুযোগও থাকবে না।

বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলে পরবর্তী সময়ে ব্যাংক পরিচালনার দায়িত্বে কারা থাকবেন এবং কত দিন থাকবেন, তা আরও স্পষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পর্ষদ ভেঙে দেওয়ার আদেশের দুই বছরের সীমা বহাল থাকছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা ব্যক্তিরা তাঁদের নিয়োগপত্রে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। মেয়াদ বাড়ানোসহ তাঁদের মোট দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ তিন বছর হতে পারবে। এরপর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা নতুন পরিচালক নির্বাচন করবেন।

ব্যাংক কোম্পানি আইনের বিধান লঙ্ঘনের জন্য আর্থিক শাস্তিও বাড়ানো হচ্ছে। প্রয়োজনীয় তথ্য বা নথি দিতে ব্যর্থ হওয়া কিংবা আইনের বিভিন্ন বিধান অমান্য করার ক্ষেত্রে সর্বনিম্ন জরিমানা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া কোনো ব্যাংক তার সংঘস্মারক বা সংঘবিধি পরিবর্তন করতে চাইলে আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে। এ জন্য আইনে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

খসড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংজ্ঞাও বিস্তৃত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা, ২০ শতাংশের বেশি শেয়ার ধারণ করা কিংবা ঋণের জামিনদার হওয়ার মতো সম্পর্ককে সংশ্লিষ্টতার ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া ছয় মাসের বেশি সময় ঋণ অপরিশোধিত থাকলে খেলাপি হিসেবে গণ্য করার বিদ্যমান সংজ্ঞা বহাল রাখা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের
অর্থনীতি ও ব্যবসা

আয়-ব্যয়ে ভারসাম্য আনতে আট দফা সংস্কার উদ্যোগ অর্থ মন্ত্রণালয়ের

সরকারের আয় যে গতিতে বাড়ার কথা, সেই গতিতে বাড়ছে না। অথচ বেতন-ভাতা, ঋণের সুদ, জ্বালানি আমদানি ও ভর্তুকির ব্যয় মেটাতে অর্থের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে…

অর্থনীতি ও ব্যবসা

ব্যাংক পরিচালকের মেয়াদ ছয় বছরে নামছে, পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

ব্যাংক পরিচালকদের মেয়াদ কমিয়ে ছয় বছরে নামিয়ে আনা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ কমানো এবং সরকারি দায়িত্বপ্রাপ্ত রাজনীতিবিদদের পরিচালক পদে নিয়োগ না দ…

অর্থনীতি ও ব্যবসা

শ্রমিক আন্দোলনে ১৮ দিনে ৬০০ কারখানা ক্ষতিগ্রস্ত, ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ হাতছাড়া: বিজিএমইএ

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, চলতি মাসের প্রথম ১৮ দিনে ছয় …

অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায়ে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ চালু করল ট্রাস্ট ব্যাংক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবা চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি…