মজুরি, সেবা ও জীবনযাত্রার খরচ নিয়ে ইউরোপের ২৫ দেশে বিক্ষোভ, ইতালিতে সাধারণ ধর্মঘট
জীবনযাত্রার উচ্চ খরচ থেকে শুরু করে সামরিক ব্যয় ও জলবায়ু সংকট—নানা বিষয়ে জন-অসন্তোষের মধ্যে ইউরোপের ২৫টি দেশে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। তরুণদের উদ্বেগ উপেক্ষার অভিযোগ তুলে রাজনৈতিক নেতাদের ওপর চাপ বাড়িয়েছেন তাঁরা।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সকে কাঁপিয়ে দেওয়া বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে শুক্রবার যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন ও ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। কর্মী ও শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেন।
ইতালিতে বেশি মজুরি ও জনসেবায় বেশি বিনিয়োগের দাবিতে ১০০টির বেশি শহরে হাজার হাজার কর্মী ও শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। এই সমাবেশগুলোর সঙ্গে মিল রেখে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন সিজিআইএল সাধারণ ধর্মঘট ডাকে, যাতে স্কুল ও স্বাস্থ্যসেবাসহ বেসরকারি ও সরকারি—দুই খাতের কর্মীরাই অংশ নেন।
রোমে এক সমাবেশে সিজিআইএলের নেতা মাউরিৎসিও লানদিনি বলেন, ‘ইউরোপজুড়ে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি বাড়ছে।’
বার্তা সংস্থা আনসা জানিয়েছে, রোমে বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে জিনিসপত্র ছুড়ে মারেন। বোলোনিয়ায় কিছু বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মিলানে বিক্ষোভকারীরা একটি পিচবোর্ডের ট্যাংকারে আগুন ধরিয়ে দেন, পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিচবোর্ডের মূর্তিতেও আগুন দেওয়া হয়।
ইতালির এই সমাবেশগুলোর আগে গত ১৭ অক্টোবর দেশব্যাপী একটি আন্দোলন সহিংসতা ও লুটপাটে রূপ নেয়। এরপর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা অনুমোদন করে এবং পরবর্তী বিক্ষোভগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে।
এর পর থেকে শিক্ষার্থী গোষ্ঠীগুলো স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও দখল চালিয়ে যাচ্ছে। বেশি সামরিক ব্যয়ের বিরোধিতাও এই আন্দোলনের একটি দাবি হয়ে উঠেছে।
শুক্রবারের বিক্ষোভে যোগ দেওয়া বিরোধী নেতারা ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের মধ্যে মেলোনি সরকার ও তার বাজেট নীতির সমালোচনা করেন। মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন বলেন, ২০২৭ সালের বাজেট আইনে ‘দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই’, কারণ এটি শিল্পকে সাহায্য করে না, বরং জনস্বাস্থ্য ও শিক্ষায় তহবিল কমায়।
জার্মানিতে ‘গেন ৎসেট রেগেল্ট’ (জার্মান ভাষায় যার অর্থ ‘জেন জি গুছিয়ে দিচ্ছে’) নামের প্রচার গোষ্ঠী জানিয়েছে, তারা ৭৩টি শহর ও নগরে বিক্ষোভের আয়োজন করছে। বার্লিনের আলেক্সান্ডারপ্লাৎস চত্বরে প্রায় ৪,০০০ মানুষ একটি বিক্ষোভে অংশ নেন। কোলোনের বিক্ষোভে প্রত্যাশিত ৫,০০০ মানুষের চেয়ে কম মানুষ এলেও পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল হাজারে হাজার। বিক্ষোভকারীরা শিক্ষায় বেশি তহবিলের দাবি জানান এবং বাধ্যতামূলক সামরিক সেবা ফিরিয়ে আনার সম্ভাবনার বিরোধিতা করেন।
অস্ট্রিয়ায় ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের বাইরে কয়েক শ মানুষ তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভে জড়ো হন। তাঁদের দাবি ছিল শিক্ষায় বেশি ব্যয় এবং অস্ত্রে কম ব্যয়। গোলযোগের খবর পাওয়ার পর পুলিশ অনুষ্ঠানটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা পিপার স্প্রে ব্যবহার করেন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
ক্রোয়েশিয়ায় শিক্ষার্থীরা প্রায় এক ডজন শহরে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। তাঁদের দাবি, সামরিক ব্যয়ের বদলে শিক্ষা, আবাসন ও জনসেবায় বেশি বিনিয়োগ।
ইউরোপজুড়ে এই বিক্ষোভগুলো অনুপ্রাণিত হয়েছে ফ্রান্সের অনেক বড় বিক্ষোভ থেকে, যেগুলো সেপ্টেম্বরে শুরু হয়ে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ ও লুটপাটে রূপ নিয়েছিল। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারা দেশে মোট ১ লাখ ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যার মধ্যে শুধু প্যারিসেই ছিলেন ২৮ হাজার। শ্রমিক সংগঠন সিজিটি সারা দেশের মোট সংখ্যা ৫ লাখের কিছু বেশি বলে জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট অনুযায়ী, ২০০০ সালের পর থেকে ফ্রান্স, ইতালি, স্পেন ও পর্তুগালে খাদ্য, জ্বালানি, পরিবহন ও বিলের মতো নিত্যপণ্যের দাম বেড়েছে ৫৯ থেকে ৭৮ শতাংশ। মূল্যস্ফীতি হিসাব করলে ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ইতালিতে পূর্ণকালীন কর্মীদের গড় প্রকৃত মজুরি কমেছে প্রায় ৫ শতাংশ। একই সময়ে প্রকৃত মজুরি স্পেনে বেড়েছে ৭ শতাংশ, ফ্রান্সে ১১ শতাংশ ও পর্তুগালে ২০ শতাংশ।


