নারী-শিশু নির্যাতনের ৩৮ ডেথ রেফারেন্সের রায় বিশেষ বেঞ্চে, হাইকোর্টে জটে ১ হাজার ৩০১ মামলা
নারী ও শিশু নির্যাতনের মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে হাইকোর্টে। অল্প সময়ের মধ্যে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ নারী-শিশু নির্যাতনের ৩৮টি ডেথ রেফারেন্স মামলার রায় ঘোষণা করেছেন।
প্রচলিত আইন অনুযায়ী, দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই সাজা কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে মামলার যাবতীয় নথিপত্র হাইকোর্টে পাঠাতে হয়, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন ডেথ রেফারেন্স মামলার সংখ্যা ছিল ১ হাজার ৩০১টি। গত ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাসে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছিল মাত্র ১০টি ডেথ রেফারেন্স মামলা। আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, এখন হাইকোর্টে ২০১৯-২০ সালে নথিভুক্ত ডেথ রেফারেন্স মামলাগুলোর শুনানি চলছে।
অগ্রাধিকার ভিত্তিতে নারী-শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত ১০ জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ গত ১৭ নভেম্বর পর্যন্ত ৩৮টি মামলার রায় ঘোষণা করেছেন।
এই বেঞ্চ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় গত ২৪ আগস্ট রায় দেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়।
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্ট গত ৩১ আগস্ট রায় ঘোষণা করেন। এ ছাড়া রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায়ে গত ১৭ নভেম্বর আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দিয়েছেন এই বেঞ্চ।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর প্রধান বিচারপতি ৫৭টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন এবং বর্তমানে হাইকোর্টের ৫টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা এই বিশেষ বেঞ্চের কার্যক্রম চলমান রাখার পাশাপাশি জট কমাতে আরও কয়েকটি বিশেষ বেঞ্চ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য পেপারবুক প্রস্তুতে দীর্ঘ সময় লাগা ও মামলার অনুপাতে শুনানির বেঞ্চ কম থাকাকে অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি বাসসকে বলেন, দীর্ঘসূত্রতার ফলে কারাগারের কনডেম সেলে অনেক আসামি বছরের পর বছর বন্দীজীবন পার করেন, অথচ পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় তাঁদের কেউ কেউ হাইকোর্টের রায়ে খালাসও পান।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বাসসকে বলেন, ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দণ্ডিত ব্যক্তির আইনজীবী ও রাষ্ট্রপক্ষকে আগ্রহী হতে হবে এবং বিচারকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, নিম্ন আদালতের কিছু বিচারকের মধ্যে গণহারে ফাঁসি দেওয়ার প্রবণতা দেখা গেছে, যা ডেথ রেফারেন্স মামলার সংখ্যা বাড়িয়ে জট তৈরি করে।
অ্যাটর্নি জেনারেল ফেনীর নুসরাত হত্যা মামলার প্রসঙ্গ টেনে বলেন, ওই মামলায় ট্রাইব্যুনালের বিচারক ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, যেটিকে হাইকোর্ট ‘মাইন্ডলেস সেন্টেন্স’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ফৌজদারি মামলার বিচারে একটি সেন্টেন্সিং গাইডলাইন থাকা দরকার, যাতে বিচারিক বৈপরীত্য দূর হয় এবং অনাকাঙ্ক্ষিত ডেথ রেফারেন্স জট কমে।
ফৌজদারি কার্যবিধির ৩৭৫ থেকে ৩৭৯ ধারায় ডেথ রেফারেন্স শুনানির প্রক্রিয়া ও ক্ষমতা বর্ণিত আছে। আইন অনুযায়ী হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখতে পারেন, সাজা কমিয়ে যাবজ্জীবন বা অন্য দণ্ড দিতে পারেন কিংবা আসামিকে খালাস দিতে পারেন। এ ছাড়া হাইকোর্ট মামলাটি পুনঃতদন্ত বা নতুন করে বিচারের নির্দেশও দিতে পারেন।



