হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম। তাঁর মতো অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন। বিতর্কের কারণে এই তিনজনই এত দিন বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) অবস্থায় ছিলেন।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তৈমুরসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওই তিন পরিদর্শকের আগের সংযুক্তির আদেশও বাতিল করা হয়েছে।
পরিদর্শক তৈমুর ইসলাম রংপুর রেঞ্জে সংযুক্ত ছিলেন। সাড়ে পাঁচ মাস পর সেই আদেশ বাতিল করে তাঁকে ঢাকা রেঞ্জে আনা হচ্ছে। এ ছাড়া আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু রংপুর রেঞ্জের নীলফামারীতে সংযুক্ত ছিলেন। পরিদর্শক মো. হাসানুজ্জামান ছিলেন সিলেট রেঞ্জে সংযুক্ত।
সাধারণত পুলিশের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠলে বা তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হলে কর্মস্থল থেকে সরিয়ে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়। অন্যদিকে পরিদর্শকদের জন্য ঢাকা রেঞ্জে পদায়ন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পরিদর্শকদের মধ্য থেকেই থানার ওসি পদায়ন করা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, অনেকটা তড়িঘড়ি করে এই বদলির আদেশ হয়েছে। এই কর্মকর্তাদের কয়েকজনকে গোপালগঞ্জসহ ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব দেওয়া হতে পারে। তবে প্রজ্ঞাপনে কারও জন্য নির্দিষ্ট কোনো থানার নাম উল্লেখ করা হয়নি।
ঢাকা রেঞ্জের আওতায় রয়েছে ১৩টি জেলা। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ পুলিশের ঢাকা রেঞ্জের জেলাগুলো। গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িও পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তিন থানার ওসি বদলি করা হয়।
গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের জন্য জমি কেনায় তৈমুরের ভূমিকার কথা উঠে এসেছিল প্রথম আলোর অনুসন্ধানে। ২০২৪ সালে গোপালগঞ্জ সদরের বৈরাগীরটোলা ও ডোমরাশুর গ্রামে জমি বিক্রেতা পরিবারগুলোর ২৭ সদস্যের সঙ্গে কথা বলা হয়েছিল। তাঁদের ২৫ জন বলেছিলেন, তাঁরা জমি বিক্রি করতে চাননি। তৈমুর ভয় দেখিয়ে তাঁদের জমি বিক্রিতে বাধ্য করেছিলেন। যদিও তৈমুর এ অভিযোগ অস্বীকার করেছিলেন।
ওই সময় তৈমুর খুলনা মহানগর পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি গোপালগঞ্জ ও মাদারীপুরে যেতেন বলে গোপালগঞ্জ জেলা পুলিশ সূত্রে তখন জানা গিয়েছিল। ২০২১ সালে তাঁকে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। পরে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত অবস্থায়ও তৈমুরের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের ভাষ্য, কাউকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন তিনি, কাউকে হুমকি দিয়েছেন মামলায় জড়ানোর। পুলিশের অভ্যন্তরীণ নজরদারি ইউনিট পিআইওর প্রতিবেদনেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে আসে। গত ৮ জুন এ নিয়ে প্রতিবেদন প্রকাশের দিনই পুলিশ সদর দপ্তর তাঁকে রংপুর রেঞ্জে সংযুক্ত করে।
মনিরুল হক ডাবলু আশুলিয়া থানার ওসি হন ২০২৫ সালের মার্চে। তখন তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। তাঁর পদায়নের পর ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় নিয়ে দুটি সুপারিশপত্র ছড়িয়ে পড়ে। একটিতে তাঁকে ছাত্রলীগের, অন্যটিতে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছিল। যদিও মনিরুল তখন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার দাবি প্রত্যাখ্যান করেছিলেন।
বদলির তালিকায় থাকা এ টি এম আরিচুল হক খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি অন্তত চারটি থানার ওসি ছিলেন। ২০১৯ সালে ছিলেন লক্ষ্মীপুরের রামগতি থানার ওসি। ২০২১ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ওসি ছিলেন। পরে পটুয়াখালীর বাউফল ও বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানার ওসির দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাইয়ের শেষে বরিশাল কোতোয়ালি থানা থেকে খুলনায় তাঁকে বদলি করা হয়। বদলির তালিকায় থাকা এস এম জাবীদ হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে কুষ্টিয়ার দৌলতপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি ছিলেন। তাঁর বর্তমান কর্মস্থল খুলনা মহানগরে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাকি পাঁচ পরিদর্শকের মধ্যে বর্তমানে মো. রতন শেখ সুনামগঞ্জে, সুজিত মিস্ত্রী শিল্পাঞ্চল পুলিশ-৬-এ, মো. মাহমুদুর রহমান ও মো. আবু বকর সিদ্দিক সাতক্ষীরায় এবং মো. হোসেন আল মাহাবুব পিরোজপুরে কর্মরত।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে জনস্বার্থের কথা বলা হয়েছে। কর্মকর্তাদের সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ২৪ নভেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
হঠাৎ এত তড়িঘড়ি করে এসব কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে বদলির কারণ জানতে রোববার রাতে অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেনের মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ স্থাপন করা যায়নি। তাঁর সরকারি মুঠোফোন নম্বরে খুদেবার্তাও পাঠানো হয়েছে। তবে তিনি কোনো উত্তর দেননি। পরে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র, সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সোমবার এ বিষয়ে খোঁজ নিয়ে তারপর বলতে পারবেন।




