সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (২২ নভেম্বর) মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালত আগামী ১৫ ডিসেম্বর মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন, সেদিন থেকেই আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে পুলিশের এপিসি থেকে গুলি চালানোর সময় আসহাবুল ইয়ামিন পুলিশ সদস্যদের নিবৃত্ত করার অনুরোধ জানান। এ সময় তাঁকে গুলি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দুই পুলিশ সদস্য সড়ক বিভাজকের ওপর দিয়ে ছুড়ে ফেলেন। সহযোদ্ধারা তাঁকে হাসপাতালে নিতে চাইলে বাধা দেওয়া হয়। ফলে বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ও ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল সেই অভিযোগ গঠন করেছেন।
আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন এবং ১৩ জন পলাতক রয়েছেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।




