কর্ণাটকের বেলাগাভিতে ২ হাজার রুপির জন্য দাদিকে হত্যার অভিযোগে নাতি গ্রেপ্তার
ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলার হুক্কেরি তালুকের আরালিকাট্টি গ্রামে সরকারি সহায়তার ২ হাজার রুপি নিয়ে বিরোধের জেরে ৭৮ বছর বয়সী দাদিকে হত্যার অভিযোগে তাঁর নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম হাম্মাভা সানাদি এবং অভিযুক্ত নাতির নাম ভীমাপ্পা সানাদি।
শুক্রবার (২১ নভেম্বর) পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ভীমাপ্পা হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজ্য সরকারের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পের আওতায় দাদি প্রতি মাসে যে ২ হাজার রুপি পেতেন, সেই অর্থের জন্য নাতি প্রায়ই তাঁর ওপর চাপ সৃষ্টি করতেন ও নির্যাতন করতেন।
গত ১০ নভেম্বর হাম্মাভা সানাদি নিখোঁজ হওয়ার পর ঘটনাটি সামনে আসে। তদন্তে পুলিশ জানতে পারে, রুপার গয়না কেনার কথা বলে ভীমাপ্পা দাদিকে মোটরসাইকেলে করে নিয়ে যান এবং কুন্দরাগি সোসাইটিতে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করেন।
এরপর তাঁকে গাভি সিদ্ধেশ্বর পাহাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যার পর দাদির কাছ থেকে ২ হাজার ৩০০ রুপি নগদ অর্থ ও একটি সোনার চেইন নিয়ে যান অভিযুক্ত।
পুলিশ জানায়, মরদেহটি একটি বস্তায় ভরে তার মধ্যে পাথর ঢুকিয়ে মোটরসাইকেলে করে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিদকাল বাঁধের জলাধারে ফেলে দেওয়া হয়। গত ১৫ নভেম্বর সেখান থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনা আড়াল করতে ভীমাপ্পা নিজেই দাদি নিখোঁজ হওয়ার কথা তাঁর বাবা রামাপ্পা সানাদিকে জানান। দুই দিন পর রামাপ্পা বিষয়টি তাঁর বোনকে জানান। পরে ভীমাপ্পা বাবাকে জলাধারে মরদেহ দেখতে পাওয়ার কথাও বলেন। এরপর বাবা ও ছেলে মিলে জলাধার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশকে জানান।
অভিযুক্ত তাঁর বাবার কাছে হত্যার কথা স্বীকার করেছিলেন কি না, তা যাচাই করছে পুলিশ। হত্যার আগে ও পরে অভিযুক্তের গতিবিধিসহ ঘটনার অন্যান্য দিক নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
কর্ণাটক সরকারের ‘গৃহলক্ষ্মী’ প্রকল্পটি ২০২৩ সালের আগস্টে চালু হয়। এ প্রকল্পের আওতায় যোগ্য পরিবারের নারী প্রধানদের সংসারের ব্যয় মেটানো ও আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে প্রতি মাসে ২ হাজার রুপি করে সরাসরি ব্যাংক হিসাবে দেওয়া হয়।



