খুলনার দিঘলিয়ায় সাগর জুট মিলের আবাসিক এলাকায় ভোরে ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের ওই তিন রাস্তার মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
ককটেলের বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে।
ওসি আরও বলেন, তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।




