বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন দায় স্বীকার, বাকি তিনজনের ভাগ্য ট্রাইব্যুনালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিং বিতর্কে নতুন মোড় এসেছে। ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত ১০ জনের মধ্যে সাতজন নিজেদের দায় স্বীকার করেছেন। ফলে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কার্যকরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে অভিযোগ অস্বীকার করা বাকি তিনজনের ভাগ্য নির্ধারিত হবে ট্রাইব্যুনালে।
দায় স্বীকার করা সাতজনের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন ও চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ। বাকি একজনের পরিচয় দেওয়া হয়নি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করা তিনজন হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালের মাধ্যমে।
এর আগে দ্বাদশ বিপিএলে নতুন করে ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসে এবং তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। অভিযুক্ত সবাইকে সাময়িকভাবে নিষিদ্ধ করার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
এরও আগে বিপিএলের একাদশ আসরে বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডের পর গত বছরের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন ওই কমিটি দীর্ঘ তদন্ত শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
সেই প্রতিবেদনের ভিত্তিতে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে নয় ক্রিকেটারকে বাইরে রাখে তৎকালীন বিসিবি। তাঁরা হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।
তবে বোর্ডে পরিবর্তনের পর তদন্ত প্রতিবেদন নিয়ে অবস্থানেও বদল আসে। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনটিকে আগের মতো গুরুত্ব দেয়নি, যদিও ওই নয় ক্রিকেটারের ওপর বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছিলেন বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।
তবে বিপিএলে ফিক্সিংবিরোধী এই তদন্ত এখানেই থামছে না। আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট তদন্ত পরিচালনা করতে পারলেও অভিযুক্তদের নাম প্রকাশ ও শাস্তি দেওয়ার চূড়ান্ত এখতিয়ার কেবল ক্রিকেট বোর্ডের হাতেই রয়েছে। তাই ফিক্সিংয়ের বিরুদ্ধে বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেটাঙ্গন।



-6de71a.gif)