চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে হেড করার পর অসুস্থ হয়ে মারা গেল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ

চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. জোবায়েদ হোসেন ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বল হেড করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছিল।
গত বুধবার ছিল বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শেষ ক্লাস; পরদিন বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্লাস শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কেউ বাসায় ফিরে যায়, কেউ কেউ পাশের মাঠে ফুটবল খেলতে নামে। খেলতে নামা কিশোরদের একজন ছিল জোবায়েদ।
খেলার একপর্যায়ে হেড করার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে জোবায়েদ। সহপাঠীরা ছুটে এসে খারাপ লাগছে কি না জানতে চাইলে সে জানায়, তেমন কিছু না। তবে ৪-৫ মিনিট পর আবার মাঠে পড়ে যায় সে; মুখ দিয়ে ফেনা বের হয়। এরপর বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানায়।
জোবায়েদের শ্রেণিশিক্ষক মোহাম্মদ নূর জানান, শিক্ষকেরা মাঠে গিয়ে অসুস্থ জোবায়েদকে স্থানীয় আল মানহিল ক্লিনিকে নিয়ে যান। এর মধ্যে অভিভাবকেরাও আসেন। অবস্থার অবনতি হলে তাকে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
পরে বৃহস্পতিবার নগরের জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে জোবায়েদকে আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিক্ষক মোহাম্মদ নূর বলেন, ‘শুক্রবার ভোরে জোবায়েদের এক আত্মীয় ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানায়। এমন খবরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বেশ চটপটে ছিল ছেলেটি। মাঝেমধ্যে বইখাতা ঠিকমতো আনত না। ফাঁকি দেওয়ার চেষ্টা করত। কারণ জিজ্ঞেস করলে হেসে এমনভাবে উত্তর দিত, আর বকাও দিতে পারতাম না। তার এসব স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়। এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, তা কীভাবে মেনে নেব!’
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, জোবায়েদ মা-বাবার সঙ্গে হালিশহরের ফুল চৌধুরী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়।
শুক্রবার ভোরে মৃত্যুর পর জোবায়েদের মরদেহ দাফনের জন্য ভোলায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।



-6de71a.gif)